যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি গুলিবর্ষণ, নিহত ১১ বছরের ফিলিস্তিনি শিশু
- প্রকাশঃ ০১:৫০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
- / 70
গাজা উপত্যকায় কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে আবারও ইসরায়েলি বাহিনীর গুলিবর্ষণে এক ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। উত্তর গাজার জাবালিয়া আল-নাজলা এলাকায় বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। নিহত শিশুটির বয়স মাত্র ১১ বছর। চিকিৎসা সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা আনাদোলু।
একই দিনে গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিবর্ষণ ও হামলায় আরও অন্তত চারজন ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ধারাবাহিকভাবে এমন হামলা চলায় অঞ্চলটিতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, জাবালিয়ার ঘটনার পাশাপাশি দক্ষিণ গাজার খান ইউনিস শহরের নেমসাউই কবরস্থানের কাছেও ইসরায়েলি বাহিনী নির্বিচারে গুলি চালায়। এতে এক শিশু ও এক নারীসহ চারজন আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে নাসের মেডিকেল কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্যমতে, গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত ৪১৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ হাজার ১১০ জনেরও বেশি।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া দীর্ঘস্থায়ী যুদ্ধের ফলে গাজায় মোট নিহতের সংখ্যা ৭১ হাজার ছাড়িয়েছে, যাদের বড় অংশ নারী ও শিশু। একই সময়ে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭১ হাজারের বেশি।
এদিকে ইসরায়েলি হামলার পাশাপাশি গাজার অভ্যন্তরীণ মানবিক সংকট পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। গাজা সিটির আল-দারাজ এলাকার আল-ইয়ারমুক আশ্রয়শিবিরে বৃহস্পতিবার রাতে একটি তাঁবুতে অগ্নিকাণ্ডের ঘটনায় এক ফিলিস্তিনি মা ও তার শিশু সন্তানের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সিভিল ডিফেন্স।
দীর্ঘদিনের হামলায় গাজার অধিকাংশ আবাসিক ভবন ধ্বংস হয়ে যাওয়ায় লাখো মানুষ এখন অস্থায়ী তাঁবুতে বসবাস করতে বাধ্য হচ্ছেন। তীব্র জ্বালানি সংকট ও বিদ্যুৎহীনতার কারণে রান্না ও শীত নিবারণের বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে গিয়ে প্রায়ই এসব তাঁবুতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, যা সাধারণ মানুষের জীবনকে চরম ঝুঁকির মুখে ফেলছে।
চলমান সহিংসতা ও মানবিক বিপর্যয়ের মধ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়েও নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
সূত্র: আনাদোলু এজেন্সি

























