ইরানে বিক্ষোভকারীদের হত্যা হলে যুক্তরাষ্ট্র ‘উদ্ধারে’ এগোবে: ট্রাম্প
- প্রকাশঃ ০৪:২৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
- / 96
ইরানে চলমান বিক্ষোভে প্রাণহানির ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, ইরান সরকার যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করে, তবে যুক্তরাষ্ট্র তাদের ‘উদ্ধারে’ এগিয়ে আসবে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় মার্কিন সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এ হুঁশিয়ারি দেন।
চরম অর্থনৈতিক সংকট, মুদ্রার মান পতন ও নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে গত রোববার ইরানের রাজধানী তেহরানে ব্যবসায়ীরা ধর্মঘট শুরু করেন। অল্প সময়ের মধ্যেই এই আন্দোলন দেশটির বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে এবং বৃহস্পতিবার তা সহিংস রূপ নেয়।
ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লোরদেগান ও আজনা শহরে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। অন্যদিকে রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, কুহদাশত শহরে বিক্ষোভকারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন।
এই পরিস্থিতির দিকে ইঙ্গিত করে ট্রাম্প তাঁর পোস্টে লেখেন, “শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো এবং তাদের হত্যা করা ইরানের পুরোনো অভ্যাস। যদি তারা আবারও এমনটি করে, যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসবে। আমরা পুরোপুরি প্রস্তুত এবং যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত আছি।”
দীর্ঘদিনের পশ্চিমা নিষেধাজ্ঞার পাশাপাশি গত বছরের জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের পারমাণবিক ও সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটির অর্থনীতি বর্তমানে চরম সংকটে পড়েছে। এই প্রেক্ষাপটে বিক্ষোভ দমনে একদিকে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি অন্যদিকে আলোচনার প্রস্তাবও দিয়েছে তেহরান সরকার।
তবে ট্রাম্পের এই বক্তব্য নতুন করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। বিশেষ করে ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভ ও মানবাধিকার পরিস্থিতিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।












