ইরানে হস্তক্ষেপের হুঁশিয়ারি: দেশে পৌঁছানোর আগেই হাত কেটে ফেলা হবে—খামেনির উপদেষ্টা
- প্রকাশঃ ০৮:৪৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
- / 75
ইরানে মিথ্যা অজুহাতে যে কোনো ধরনের হস্তক্ষেপের চেষ্টা করলে তার কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি। তিনি বলেছেন, ইরানে হস্তক্ষেপকারী হাত দেশে পৌঁছানোর আগেই কেটে ফেলা হবে।
শুক্রবার (২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আলী শামখানি বলেন, ইরানের জনগণ তথাকথিত ‘উদ্ধার’-এর আমেরিকান ধারণা সম্পর্কে খুব ভালোভাবেই অবগত। তিনি বলেন, ইরাক ও আফগানিস্তানের অভিজ্ঞতা থেকে শুরু করে গাজা পর্যন্ত-সব জায়গাতেই এই তথাকথিত উদ্ধার অভিযানের পরিণতি আমরা দেখেছি।
শামখানির এই মন্তব্য এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে। ইরানে চলমান বিক্ষোভ প্রসঙ্গে ট্রাম্প বলেন, যদি ইরান শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের গুলি করে বা সহিংসভাবে হত্যা করে, তাহলে ওয়াশিংটন হস্তক্ষেপ করতে পারে।
মার্কিন প্রেসিডেন্টের ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় আলী শামখানি আরও বলেন, ইরানের জাতীয় নিরাপত্তা একটি লাল রেখা। এটি কোনো বেপরোয়া খেলার মাঠ নয়।
বিশ্লেষকদের মতে, এই বক্তব্যের মধ্য দিয়ে ইরান স্পষ্টভাবে জানিয়ে দিল যে, অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপকে তারা সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন হিসেবে বিবেচনা করবে এবং প্রয়োজনে কঠোর প্রতিক্রিয়ায় যাবে।

























