কাওরানবাজারে মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
- প্রকাশঃ ১২:৫৮:০৬ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
- / 62
রাজধানীর কাওরানবাজারে মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। জাতীয় ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর প্রতিবাদে সড়ক অবরোধের চেষ্টা করলে রোববার (৪ জানুয়ারি) এ পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল থেকে কাওরানবাজার এলাকায় জড়ো হয়ে মোবাইল ব্যবসায়ীরা সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের বাধা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, টিয়ার শেল ও জলকামান ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরে সেনাবাহিনীর সদস্যরাও সেখানে উপস্থিত হন।
ঘটনাস্থলে উপস্থিত তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা সাংবাদিকদের বলেন, রাস্তা অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে আমরা পরিস্থিতি ক্লিয়ার করি। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।
দুপুর সোয়া ১২টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কাওরানবাজার মোড়ে যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে। তবে আন্দোলনকারীরা বসুন্ধরা শপিংমলের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।






























