কক্সবাজারের সাগর থেকে ২৬৩ জন উদ্ধার, আটক ১০ পাচারকারী
- প্রকাশঃ ০৪:৩৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
- / 74
সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় নারী-শিশুসহ ২৬৩ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় আটক করা হয়েছে পাচারকারী চক্রের ১০ সদস্যকে। ঘটনা ঘটেছে গতকাল শনিবার রাতে, কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপের ৩০ মাইল দক্ষিণ–পশ্চিম এলাকায়।
নৌবাহিনী জানায়, সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে তাদের জাহাজ বানৌজা স্বাধীনতা কাঠের নৌকাটিকে থামার সংকেত দেয়। নৌকাটি পালানোর চেষ্টা করলেও ধাওয়ার পর তা আটক করা হয়। নৌকায় থাকা ব্যক্তিরা জানায়, তারা অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিল।
নৌবাহিনী আরও জানায়, কাঠের নৌকাটিতে ন্যূনতম জীবনরক্ষাকারী সরঞ্জাম, পর্যাপ্ত খাদ্য, পানি ও সুরক্ষাব্যবস্থা ছিল না। এ অভিযান বড় ধরনের মানবপাচার কার্যক্রম প্রতিহত করেছে এবং গভীর সাগরে মানবিক বিপর্যয় সৃষ্টির সম্ভাবনাও বন্ধ হয়েছে।
আটক ব্যক্তিদের এবং জব্দকৃত নৌকাটি টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রথম আলোকে জানান, মানব পাচারের এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।






























