ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযান আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: জাতিসংঘ মানবাধিকার সংস্থা
- প্রকাশঃ ০৯:১২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
- / 65
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান আন্তর্জাতিক আইনের একটি মৌলিক নীতির অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন (ওএইচসিএইচআর)।
জেনেভায় সাংবাদিকদের ব্রিফিংয়ে ওএইচসিএইচআরের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, কোনো রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা কিংবা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে হুমকি দেওয়া বা বলপ্রয়োগ করা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
তিনি বলেন, আন্তর্জাতিক আইনের অন্যতম মূলনীতি হলো—এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে সামরিক শক্তি প্রয়োগ করতে পারে না।
এই মন্তব্য আসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের পর, যেখানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অভিযানের বিরুদ্ধে তার কয়েকটি মিত্র দেশও অবস্থান নিয়েছে।
বৈঠকে ফ্রান্স সবচেয়ে স্পষ্ট ভাষায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করে। দেশটির স্থায়ী উপ-প্রতিনিধি জয় ধর্মাধিকারী বলেন, যুক্তরাষ্ট্রের হাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আটক বিরোধ নিষ্পত্তির শান্তিপূর্ণ নীতির পরিপন্থি এবং বলপ্রয়োগ না করার আন্তর্জাতিক নীতিরও লঙ্ঘন।
এদিকে টানা চতুর্থ দিনের মতো যুক্তরাষ্ট্রের এই অভিযানের বিরোধিতা পুনর্ব্যক্ত করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, চীন শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সংশ্লিষ্ট অঞ্চলের দেশগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করতে প্রস্তুত।
চীনের পক্ষ থেকে আরও বলা হয়, একতরফা সামরিক পদক্ষেপ আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করতে পারে।
উল্লেখ্য, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দীর্ঘদিন ধরেই চীনকে তার গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র হিসেবে বিবেচনা করে আসছেন।

























