গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রস্তুতি ইউরোপের
- প্রকাশঃ ০৭:৩১:০৯ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
- / 53
গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সাবেক ও বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড সংযুক্ত করার পরিকল্পনার জবাবে যুক্তরাষ্ট্রের ওপর নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম সানডে টেলিগ্রাফ।
রোববার (১১ ডিসেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য নিষেধাজ্ঞার আওতায় কেবল মার্কিন কোম্পানিই নয়, ইউরোপে, মধ্যপ্রাচ্যে ও অন্যান্য অঞ্চলে সামরিক ও কৌশলগত অভিযানের জন্য ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ ‘স্টেজিং পোস্ট’ থেকেও যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার বিকল্প বিবেচনায় রয়েছে ইইউ।
প্রতিবেদন অনুযায়ী, মেটা, গুগল, মাইক্রোসফ্ট ও এক্সের মতো শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের ইউরোপীয় কার্যক্রম স্থগিত করার বিষয়টি আলোচনায় আছে। একই সঙ্গে ইউরোপে কার্যরত মার্কিন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও সম্ভাব্য নিষেধাজ্ঞার আওতায় আনার কথা ভাবা হচ্ছে।
এর আগে গত বছরের মার্চে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ডেনমার্কের স্বশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অংশ হওয়া উচিত। তিনি হুমকি দেন, ডেনমার্ক দ্বীপটি হস্তান্তর না করলে দেশটির ওপর উচ্চ বাণিজ্য শুল্ক আরোপ করা হবে। এমনকি নিজের প্রথম মেয়াদেও গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প।
তবে ট্রাম্পের এই অবস্থান সরাসরি প্রত্যাখ্যান করেছেন ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ এবং ভবিষ্যতেও তা ডেনমার্কেরই থাকবে।
বিশ্লেষকদের মতে, গ্রিনল্যান্ডকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে এই মতবিরোধ ভবিষ্যতে কূটনৈতিক সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে।

























