বিশ্বকাপ নিয়ে চরম অনিশ্চয়তা, কোথায় খেলব জানি না: লিটন দাস
- প্রকাশঃ ০৮:২১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- / 55
বাংলাদেশ জাতীয় দলের টি–টুয়েন্টি অধিনায়ক লিটন দাস স্পষ্ট করেই জানালেন—আসন্ন টি–টুয়েন্টি বিশ্বকাপ নিয়ে খেলোয়াড়দের সঙ্গে এখনো কোনো আনুষ্ঠানিক যোগাযোগ হয়নি। কোথায় বিশ্বকাপ হবে, কারা প্রতিপক্ষ, এমনকি বাংলাদেশ আদৌ বিশ্বকাপে খেলবে কি না—এসব বিষয়েই রয়েছে গভীর অনিশ্চয়তা।
মঙ্গলবার বিপিএলের এলিমিনেটরে সিলেট টাইটানসের কাছে রংপুর রাইডার্স হেরে যাওয়ার পর মিরপুরে সংবাদ সম্মেলনে বিশ্বকাপ প্রসঙ্গে একের পর এক প্রশ্নের মুখোমুখি হন লিটন।
আপনাদের সঙ্গে কি কোনো যোগাযোগ হয়েছে?—এই প্রশ্নের উত্তরে লিটন বলেন, না।
আলোচনা কি করা উচিত ছিল?—জবাবে তিনি বলেন, আমি জানি না, আমার সঙ্গে কথা হয়নি।
বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তার মাত্রা বোঝাতে সংবাদ সম্মেলনে পাল্টা প্রশ্নও ছুড়ে দেন লিটন, “আপনি কি নিশ্চিত আমরা বিশ্বকাপ খেলব?”
দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ক্রিকেটের আলোচনার কেন্দ্রে রয়েছে ভারতের মাটিতে টি–টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ। এই টুর্নামেন্টকে সামনে রেখে লিটন দাসকে অধিনায়ক করে দলও ঘোষণা করা হয়েছে। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ বিশ্বকাপে অংশ নেবে কি না, খেললে ম্যাচগুলো ভারত নাকি শ্রীলঙ্কায় হবে—সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি।
লিটন বলেন, আপনারা তো এর মধ্যেই জানেন কোন ১৫ জন যাবে। কিন্তু সেই ১৫ জনও এখনো জানে না আমরা কোন দেশে যাব বা কাদের বিপক্ষে খেলব।
এক বছর ধরে টি–টুয়েন্টি দলের নেতৃত্বে রয়েছেন লিটন। তাঁর অধীনে বাংলাদেশ টানা পাঁচটি সিরিজ জিতেছে। এই পুরো সময়জুড়েই তাঁর পরিকল্পনার কেন্দ্রে ছিল বিশ্বকাপ। কিন্তু টুর্নামেন্ট শুরুর মাত্র দুই সপ্তাহ আগে এসেও অনিশ্চয়তা কাটেনি—কোথায় খেলবে, কোন গ্রুপে পড়বে কিংবা আদৌ অংশ নেবে কি না, এসব প্রশ্নের উত্তর অজানাই রয়ে গেছে।
এই অনিশ্চয়তা খেলোয়াড়দের মানসিক অবস্থায়ও প্রভাব ফেলছে বলে ইঙ্গিত দেন লিটন। তিনি বলেন, যদি জানা থাকত কোন গ্রুপে খেলব, কোন দেশে যাচ্ছি—তাহলে প্রস্তুতিতে সুবিধা হতো। এখন যে বিষয়গুলো, সেগুলো আমাদের হাতেই নেই। আমার জায়গা থেকে আমি যেমন অনিশ্চয়তায় আছি, সবাই অনিশ্চয়তায়। আমার মনে হয় এই মুহূর্তে পুরো বাংলাদেশই অনিশ্চিত।
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর ভারতের মাটিতে বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড চায় ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করতে। এ সিদ্ধান্তের সঙ্গে তিনি একমত কি না—এ প্রশ্নে মন্তব্য করতে রাজি হননি লিটন।
পরিস্থিতি আদর্শ কি না—এমন প্রশ্নের উত্তরে লিটন বলেন, দেখেন ভাইয়া, জীবনে অনেক কিছুই আদর্শ হয় না। সময়ের সঙ্গে চলে এলে সেটাকে গ্রহণ করে নিতে হয়।
বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে জাতীয় দলের ক্রিকেটাররা এখন মাঠে নামছেন বিপিএলে। তবে মঙ্গলবারের এলিমিনেটরে রংপুর রাইডার্স মাত্র ১১১ রান করলেও শেষ বলে সেই রান তাড়া করে জয় পায় সিলেট। উইকেট নিয়েও অসন্তোষ প্রকাশ করেন লিটন।
তিনি বলেন, টি–টোয়েন্টির জন্য এটা আদর্শ উইকেট নয়। বিশ্বকাপের জন্য আদর্শ কি না, সেটা আমি জানি না। প্লে–অফের ম্যাচে আরও ভালো উইকেট আশা করেছিলাম।






























