ক্ষমতায় বসার এক বছরে যেভাবে যুক্তরাষ্ট্র ও বিশ্বকে নাড়িয়ে দিলেন ট্রাম্প
- প্রকাশঃ ০৭:১০:৩৭ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
- / 51
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বছরের ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরেন তিনি। নতুন করে নামেন ‘আমেরিকাকে আবার মহান করে তোলার’ অভিযানে। এরপর ৩৬৫ দিন পেরিয়েছে। মঙ্গলবার প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের চার বছরের মেয়াদের প্রথম বছর পূর্ণ হয়েছে।
এই এক বছরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্রের বাইরে নানা পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। পরিবর্তন এনেছেন অর্থনীতি, কূটনীতি ও সামাজিক নিয়মনীতিতে। এতে বদল এসেছে যুক্তরাষ্ট্রে। একই সঙ্গে পরিবর্তন দেখা গেছে বৈশ্বিক চিত্রপটে। দেখে নেওয়া যাক গত বছরে ট্রাম্পের কর্মকাণ্ডের জেরে কোন কোন বদল দেখেছে বিশ্ব।
২০২৫ সালের ২০ জানুয়ারি থেকে চলতি মাসের ৫ তারিখ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্ররা অন্তত ৬৫৮টি বিমান ও ড্রোন হামলা চালিয়েছে।
২২৮ নির্বাহী আদেশে সই
প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে ওভাল অফিসে বসার দিনই ২৮টি নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো প্রেসিডেন্টই তাঁর মেয়াদের প্রথম দিনে এত নির্বাহী আদেশে সই করেননি। নির্বাহী আদেশ কখনো ফেডারেল আইন অতিক্রম করতে পারে না। তবে সমালোচকেরা বলছেন, ট্রাম্পের দেওয়া অনেক নির্বাহী আদেশ এই সীমা অতিক্রম করেছে।

প্রথম দিনের মতো পুরো বছরজুড়েই ঝড়ের গতিতে নির্বাহী আদেশ দিয়ে গেছেন ট্রাম্প। কাগজে–কলমে তা মোট ২২৮টি। অন্যদিকে ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত নিজের প্রথম মেয়াদের পুরো চার বছরে মোট ২২০টি নির্বাহী আদেশে সই করেছিলেন তিনি।
৬ লাখ ৫ হাজার জনকে বিতড়িত
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর পর থেকে গত ১০ ডিসেম্বর পর্যন্ত অন্তত ৬ লাখ ৫ হাজার জন অভিবাসীকে যুক্তরাষ্ট৶ থেকে বিতাড়িত করা হয়েছে। একই সময়ে স্বেচ্ছায় দেশটি ছেড়ে চলে গেছেন আরও ১৯ লাখ অভিবাসী।

গত বছরে যুক্তরাষ্ট্রে বসবাস করা প্রায় ১৬ লাখ অভিবাসী হিসেবে দেশটিতে থাকার বৈধতা হারিয়েছেন। এ ছাড়া ট্রাম্পের নির্দেশের আওতায় অন্তত ৬৬ হাজার ৮৮৬ জনকে গ্রেপ্তার করেছে মার্কিন অভিবাসন বিষয় কর্তৃপক্ষ ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)। সে হিসাবে প্রতিদিন দেশজুড়ে গড়ে ৮২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক অংশীদারদের ওপর গড়ে ১০ শতাংশ করে শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। সবচেয়ে বেশি ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হয় ভারতের ওপর।
সবার জন্য শুল্ক
২০২৫ সালজুড়ে ট্রাম্পের কাছে প্রিয় একটি শব্দ ছিল শুল্ক। কার ওপর শুল্ক আরোপ করেননি তিনি? শত্রু, মিত্র, প্রতিবেশী—কেউই ছাড় পায়নি ট্রাম্পের শুল্কের খড়গ থেকে। এর বড় প্রভাব পড়েছে বৈশ্বিক বাণিজ্যে। উত্তেজনা বেড়েছে আন্তর্জাতিক সম্পর্কে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক অংশীদারদের ওপর গড়ে ১০ শতাংশ করে শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। সবচেয়ে বেশি ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হয় ভারতের ওপর। মার্কিন অর্থ বিভাগের তথ্যমতে, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্ক থেকে ২৮ হাজার ৭০০ কোটি ডলার আয় করেছে দেশটি।
যদিও ইয়েল ইউনিভার্সিটির প্রতিবেদন বলছে, একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রতিটি গৃহস্থালিতে গড়ে দেড় হাজার ডলার অতিরিক্ত খরচ হয়েছে।
সরকারি চাকরিতে কাটছাঁট
ক্ষমতায় বসার পর নির্বাহী আদেশ জারি করে নতুন একটি বিভাগ খোলেন ট্রাম্প। নাম দেওয়া হয় ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডিওজিই)। বিভাগের প্রধান করা হয় ধনকুবের ইলন মাস্ককে। এই বিভাগের কাজ ফেডারেল সরকারের ব্যয় কমানো। পুরো যুক্তরাষ্ট্রে ফেডারেল সরকারের অধীনে সবচেয়ে বেশি মানুষ চাকরি করেন।

প্রতিষ্ঠার মাত্র ১০ মাস পরেই ফেডারেল সরকারের ৩ লাখ ১৭ হাজার কর্মচারীকে ছাঁটাই করে ডিওজিই। আকার কমানো হয় শিক্ষা দপ্তরের। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির অর্থায়নে পরিচালিত বিভিন্ন প্রকল্পের কাটছাঁট করা হয়। শেষ পর্যন্ত এই সংস্থাকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যুক্ত করা হয়েছে।


























