ইউরোপীয় ইউনিয়ন চট্টগ্রাম বন্দরের আধুনিকায়নে অংশীদার হতে আগ্রহী
- প্রকাশঃ ০২:২২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
- / 29
বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত এইচ.ই. মাইকেল মিলারের নেতৃত্বে চার সদস্যবিশিষ্ট প্রতিনিধি দল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন। প্রতিনিধি দলটি বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
সাক্ষাতের সময় বন্দর চেয়ারম্যান এস এম মনিরুজ্জামান চট্টগ্রাম বন্দরের সাম্প্রতিক হ্যান্ডলিং রেকর্ড, জাহাজের টার্ন-অ্যারাউন্ড টাইম হ্রাস, ডুয়েল টাইম কমানো, পানগাঁও আইসিটি ও লালদিয়া কনটেইনার টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগ, বে টার্মিনাল ও মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর উন্নয়ন প্রকল্পে গ্রিন টেকনোলজি ব্যবহার, ডিজিটালাইজেশন এবং নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নসহ চলমান ও প্রস্তাবিত বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের তথ্য প্রতিনিধি দলকে প্রদান করেন।
চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান বলেন, “এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। আমরা ইউরোপীয় ইউনিয়নের সার্বিক সহযোগিতা কামনা করি, বিশেষ করে বন্দরের জনবলকে আরও দক্ষ ও আধুনিক কারিগরি জ্ঞানে প্রশিক্ষিত করতে।”
এদিকে রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, “ইউরোপীয় ইউনিয়ন চট্টগ্রাম বন্দরের সার্বিক উন্নয়নে সহযোগী অংশীদার হিসেবে কাজ করতে আগ্রহী। আমরা নির্মাণ শিল্পে সহায়তা, উন্নত দেশগুলোর সঙ্গে সরাসরি জাহাজ চলাচল বৃদ্ধি, বিভিন্ন খাতে কারিগরি সহায়তা প্রদানসহ বন্দরের অবকাঠামো ও অপারেশনাল সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা অব্যাহত রাখব। পাশাপাশি গ্রিন পোর্ট গড়ে তোলা এবং শূন্য কার্বন নিঃসরণ নিশ্চিত করার ক্ষেত্রেও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।”
সৌজন্য সাক্ষাতের সময় প্রতিনিধি দলকে বন্দরের ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়ন রূপরেখা বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পরে তারা বন্দরের বিভিন্ন অপারেশনাল কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং সাম্প্রতিক অগ্রগতি, আধুনিকায়ন কার্যক্রম ও কর্মদক্ষতার ভূয়সী প্রশংসা করেন।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা কমডোর আহমেদ (অতিরিক্ত সচিব), সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. মাহবুব আলম তালুকদার, আমিন আবদুল্লাহ, পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুক, সচিব মোহাম্মদ আজিজুল মওলা প্রমুখ।





























