গণতন্ত্র জাতীয় পর্যায়ে নয়, স্থানীয় সরকারেও শক্তিশালী করতে হবে: তারেক রহমান
- প্রকাশঃ ০২:২৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
- / 27
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্র কেবল জাতীয় পর্যায়ে সীমাবদ্ধ নয়; ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও স্থানীয় কমিউনিটি পর্যায়ে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া নাগরিক সেবা কার্যকর করা সম্ভব নয়।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেটে ‘দ্য প্ল্যান, ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক অনুষ্ঠানে তরুণদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন এবং স্থানীয় পর্যায়ে সেবার উন্নয়নের জন্য দিকনির্দেশনা দেন।
তারেক রহমান বলেন, উন্নত দেশগুলোতে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে ট্রাফিক ব্যবস্থাপনা পর্যন্ত সব জায়গায় গণতান্ত্রিক অনুশীলন কার্যকরভাবে পরিচালিত হচ্ছে। বাংলাদেশে সরকারি হাসপাতাল ও চিকিৎসকের সংখ্যা রোগীর তুলনায় খুবই কম; ফলে অর্থনৈতিক অক্ষমতার কারণে বহু মানুষ প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন।
তিনি দ্রুত সেবা নিশ্চিত করার জন্য পাবলিক–প্রাইভেট পার্টনারশিপের প্রয়োজনীয়তা তুলে ধরেন। পাশাপাশি প্রতিটি জেলায় বিশেষায়িত হাসপাতাল না বানিয়ে নির্দিষ্ট রোগের জন্য নির্দিষ্ট হাসপাতালের ব্যবস্থা করার কথা বলেন। কমিউনিটি পর্যায়ে হেলথ কেয়ার ওয়ার্কারদের প্রশিক্ষণের মাধ্যমে সাধারণ রোগে প্রাথমিক চিকিৎসা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার প্রস্তাবও দেন।
বিদেশে অদক্ষ শ্রমিকের অবস্থার দিকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, প্রতিবছর প্রায় ৭০ লাখ মানুষ বিদেশে যায়, যার বড় অংশ অদক্ষ। তাই কারিগরি ও ভোকেশনাল শিক্ষার আধুনিকায়ন এবং ভাষা শিক্ষার মাধ্যমে তরুণদের দক্ষ শ্রমিক হিসেবে প্রস্তুত করা হবে।
নারী ক্ষমতায়নের বিষয়ে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার সময় মেয়েদের শিক্ষায় বিনামূল্য ব্যবস্থা চালু হওয়ায় নারী শিক্ষায় বড় অগ্রগতি হয়েছে। বিএনপি সরকারের পরিকল্পনায় ফ্যামিলি কার্ড চালু করা হবে, যা পরিবারের প্রধান নারীর নামে প্রদান করা হবে এবং মাসিক ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা নগদ সহায়তা বা প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হবে।
পরিবেশ সুরক্ষার সঙ্গে গণতন্ত্রের সম্পর্কের ওপর জোর দিয়ে তিনি বলেন, নাগরিকের কথা বলার অধিকার থাকলে শহরের ময়লা ব্যবস্থাপনা, বায়ুদূষণ ও শব্দদূষণ সমাধান সম্ভব। বিএনপি আগামী পাঁচ বছরে দেশজুড়ে ৮০ কোটি গাছ রোপণের পরিকল্পনা নিয়েছে এবং প্রতিটি উপজেলায় সরকারি নার্সারির মাধ্যমে চারা বিতরণ করা হবে।
কৃষিপণ্য বাজারজাতকরণে মধ্যস্বত্বভোগীদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, অন্যায় হলে ব্যবস্থা নেওয়া হবে। কৃষককে প্রতীকী নয়, বাস্তব ও কার্যকর সহায়তা প্রদান করতে হবে।


























