কাতার বিশ্বকাপের ফাইনাল ভেন্যুতে ফিনালিসিমায় লড়বে আর্জেন্টিনা–স্পেন
- প্রকাশঃ ০৭:৩৭:৩১ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / 92
অবশেষে মাঠে গড়াচ্ছে বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যকার এই মর্যাদাপূর্ণ লড়াই অনুষ্ঠিত হবে আগামী ২০২৬ সালের ২৭ মার্চ। শনিবার (৮ নভেম্বর) এক প্রতিবেদনে এমন খবর নিশ্চিত করেছে স্পেনের শীর্ষস্থানীয় দৈনিক মার্কা।
বিশেষত্ব এখানেই—এই ফাইনালিসিমা আয়োজিত হবে কাতার বিশ্বকাপ ২০২২-এর ফাইনাল ভেন্যু লুসাইল স্টেডিয়ামে। ঠিক সেই মাঠেই যেখানে আর্জেন্টিনা লিওনেল মেসির নেতৃত্বে ফুটবল বিশ্বের সর্বোচ্চ আসরে ইতিহাস গড়েছিল। এবার সেই লুসাইলেই আবারও ট্রফি জয়ের মঞ্চে ফিরছে স্কালোনির শিষ্যরা।
বর্তমান ফাইনালিসিমা চ্যাম্পিয়নও হলো আর্জেন্টিনা। ২০২২ সালে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইতালিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জয় করেছিল লাতিন পরাশক্তিরা। ফলে এবার শিরোপা ধরে রাখার মিশনে নামবে তারা।
মার্কা জানিয়েছে, ফিনালিসিমা ম্যাচটিতে দুই দলই পরবে নতুন অ্যাওয়ে জার্সি। অ্যাডিডাসের তৈরি এই বিশেষ সংস্করণের কিটে স্পেন খেলবে সাদা পোশাকে, আর আর্জেন্টিনা নামবে কালো জার্সিতে।
ফুটবল ভক্তদের জন্য তাই এটি নিঃসন্দেহে হবে এক অনন্য রোমাঞ্চকর দ্বৈরথ—একই মঞ্চে মুখোমুখি ইউরোপের রাজা বনাম দক্ষিণ আমেরিকার সম্রাট!


















