আপনি কি চাঁদে যেতে চান? স্থায়ীভাবে বসবাসের জন্য নতুন নভোচারী খুঁজছে নাসা, আবেদন করবেন যেভাবে
- প্রকাশঃ ১০ নভেম্বর ২০২৬, ০৬:৪২
- / 13
চাঁদে স্থায়ী ঘাঁটি গড়ে মানুষের বসবাসের পরিকল্পনা বাস্তবায়নে নতুন প্রজন্মের নভোচারী খুঁজছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটির লক্ষ্য, নির্বাচিত নভোচারীরা চাঁদে গিয়ে ঘাঁটি নির্মাণ, বসবাস ও কাজের পাশাপাশি ভবিষ্যতে মঙ্গলে মানুষ পাঠানোর প্রস্তুতিতেও ভূমিকা রাখবেন।
গত শনিবার নতুন নভোচারী নিয়োগের ঘোষণা দেন নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান। তিনি বলেন, ‘আমরা যাঁদের নির্বাচন করব, তাঁদের কেউ চাঁদে হাঁটতে পারবেন। কেউ চাঁদের ঘাঁটিতে বসবাস ও কাজ করতে পারবেন। একই সঙ্গে মঙ্গলে নভোচারী পাঠানোর কাজেও ভূমিকা রাখতে পারবেন।’
নাসার নতুন নিয়োগ কার্যক্রম সংস্থাটির আর্টেমিস কর্মসূচির অংশ। এই কর্মসূচির আওতায় চাঁদে আবার মানুষ পাঠানোর পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থাটির। সম্প্রতি আইজ্যাকম্যানসহ নাসার অন্য কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৮ সালে আবার নভোচারীদের চাঁদে পাঠাতে চান তাঁরা।
নাসার পরিকল্পনা অনুযায়ী, চাঁদে মানুষের দীর্ঘমেয়াদি উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় অবকাঠামো ও কার্যক্রম গড়ে তোলা হবে। নতুন নির্বাচিত নভোচারীরা সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করবেন।
আবেদনকারীদের যেসব যোগ্যতা থাকতে হবে
নাসার তথ্য অনুযায়ী, নভোচারী পদে আবেদন করতে হলে প্রার্থীকে মার্কিন নাগরিক হতে হবে। পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল অথবা গণিত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। আবেদনকারীদের পাইলট হিসেবে প্রশিক্ষণও থাকতে হবে। এ ছাড়া চিকিৎসাবিজ্ঞানে প্রয়োজনীয় যোগ্যতাসহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা থাকতে হবে।
নাসার ওয়েবসাইটে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে। ২০২৭ সালের শেষ দিকে চূড়ান্তভাবে নতুন নভোচারীদের নির্বাচন করা হবে। এরপর তাঁদের প্রশিক্ষণ শুরু হবে। এর আগে ২০২৪ সালে নভোচারী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল নাসা। সে সময় ৮ হাজারের বেশি আবেদনকারীর মধ্য থেকে ১০ জনকে নির্বাচিত করা হয়।























