ভোটের দিন পাঁচ ধরনের যানবাহনের চলাচল বন্ধ, জরুরি ও অনুমোদিত যানবাহন ছাড়পত্র পাবেন
- প্রকাশঃ ০১:০৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- / 49
মাইক্রোবাস। প্রতীকী ছবি
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ উপলক্ষে আগামীকাল বুধবার মধ্যরাত ১২টা থেকে ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। ভোটের দিন বৃহস্পতিবার মধ্যরাত ১২টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
নির্বাচন কমিশন (ইসি) জানায়, মোটরসাইকেল চলাচলও আজ মঙ্গলবার মধ্যরাত ১২টা থেকে ভোট গ্রহণের পরদিন শুক্রবার মধ্যরাত ১২টা পর্যন্ত বন্ধ থাকবে। তবে ইসির স্টিকারযুক্ত মোটরসাইকেল চলাচলে বাধা নেই।
ইসি আরও জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমোদিত পর্যবেক্ষকরা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না। জরুরি সেবা (ওষুধ, স্বাস্থ্যসেবা, সংবাদপত্র ইত্যাদি) পরিবহনের যানবাহন চলতে পারবে। এছাড়া বিমানবন্দর থেকে যাত্রী বহন বা আত্মীয়স্বজনের জন্য ব্যবহৃত যানবাহন টিকিট বা প্রমাণ দেখালে চলতে পারবে।
দূরপাল্লার যাত্রী পরিবহনকারী যানবাহন এবং স্থানীয় যাতায়াতের জন্য দূরপাল্লার যাত্রী হিসেবে ব্যবহার করা যানবাহন চলতে পারবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও নির্বাচনী এজেন্টদের জন্য অনুমোদিত গাড়ি রিটার্নিং কর্মকর্তার অনুমোদন এবং স্টিকার প্রদর্শনের শর্তে চলাচল করতে পারবে।
নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা–কর্মচারী, সাংবাদিক বা পর্যবেক্ষকরা ইসি/রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে মোটরসাইকেল বা যানবাহন ব্যবহার করতে পারবেন। এছাড়া বিটিআরসি ও লাইসেন্সপ্রাপ্ত টেলিযোগাযোগ যানবাহন চলাচল শিথিল থাকবে।
নির্বাচন বিশেষজ্ঞ মো. আবদুল আলীম প্রথম আলোকে জানান, ভোটাররা ব্যক্তিগত গাড়ি (কার) ব্যবহার করে ভোট দিতে পারবে। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (এমটিসিএল) জানিয়েছে, ভোটের দিন মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে এবং ভোটারদের সুবিধার্থে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে।





























