প্রবাসী আয়ে নতুন রেকর্ড, এক অর্থবছরে দেশে এসেছে ৩৫.৫৬ বিলিয়ন ডলার
- প্রকাশঃ ০৫ জুলাই ২০২৬, ০৪:০৩
- / 7
২০২৫-২৬ অর্থবছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। সদ্য সমাপ্ত অর্থবছরে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে এসেছে ৩৫ দশমিক ৫৬২ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। বুধবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্য বিদায়ী জুন মাসে দেশে এসেছে ২ হাজার ৮০৬ মিলিয়ন বা ২ দশমিক ৮০৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স। মাসের শেষ কর্মদিবস ৩০ জুন একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১২০ মিলিয়ন মার্কিন ডলার। তবে জুন মাসে রেমিট্যান্স প্রবাহ আগের বছরের একই সময়ের তুলনায় সামান্য কমেছে। ২০২৫ সালের জুনে দেশে এসেছিল ২ হাজার ৮২৩ মিলিয়ন মার্কিন ডলার। সে হিসাবে চলতি বছরের জুনে রেমিট্যান্স কম এসেছে ১৭ মিলিয়ন মার্কিন ডলার।
অন্যদিকে, পুরো অর্থবছরের হিসাবে রেমিট্যান্সে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত দেশে মোট ৩৫ হাজার ৫৬২ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এর আগের ২০২৪-২৫ অর্থবছরে দেশে এসেছিল ৩০ হাজার ৩২৯ মিলিয়ন মার্কিন ডলার।
অর্থাৎ, এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৫ হাজার ২৩৩ মিলিয়ন মার্কিন ডলার। সংশ্লিষ্টদের মতে, এই প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা, আমদানি ব্যয় নির্বাহ এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশ্লেষকদের মতে, প্রবাসীদের বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি, ব্যাংকিং সেবার সহজলভ্যতা এবং সরকারের বিভিন্ন প্রণোদনা রেমিট্যান্স প্রবাহ বাড়াতে ইতিবাচক ভূমিকা রেখেছে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি কর্মীর সংখ্যা বৃদ্ধি এবং নতুন শ্রমবাজার সম্প্রসারণও এ ক্ষেত্রে সহায়ক হয়েছে।
বাংলাদেশ ব্যাংক নিয়মিতভাবে বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করে আসছে। কেন্দ্রীয় ব্যাংকের মতে, বৈধ চ্যানেলে রেমিট্যান্স বাড়লে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হওয়ার পাশাপাশি অর্থনীতির বিভিন্ন খাতেও ইতিবাচক প্রভাব পড়ে।



















