এয়ার কানাডার নতুন প্রেসিডেন্ট ও সিইও হচ্ছেন আঙ্কো ভ্যান ডার ওয়ের্ফ
- প্রকাশঃ ০৮ জুলাই ২০২৬, ১৪:১১
- / 9
কানাডার জাতীয় বিমান সংস্থা এয়ার কানাডা তাদের নতুন প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে আঙ্কো ভ্যান ডার ওয়ের্ফকে নিয়োগ দিয়েছে। বর্তমানে তিনি স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইন্সের (এসএএস) প্রেসিডেন্ট ও সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৭ সালের জানুয়ারির মধ্যে তিনি এয়ার কানাডার দায়িত্ব গ্রহণ করবেন।বুধবার (৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এয়ার কানাডা এ তথ্য জানায়।
নিয়োগের পর প্রতিক্রিয়ায় আঙ্কো ভ্যান ডার ওয়ের্ফ বলেন, “এই ঐতিহ্যবাহী কানাডিয়ান প্রতিষ্ঠানের নেতৃত্ব দেওয়ার জন্য নির্বাচিত হওয়া আমার জন্য সম্মানের। প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ লক্ষ্য ও কৌশল বাস্তবায়নে কাজ করার সুযোগ পেয়ে আমি গর্বিত।”
বর্তমান দায়িত্বের আগে তিনি দক্ষিণ আমেরিকার বিমান সংস্থা অ্যাভিয়াঙ্কার প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। এছাড়া এর আগে অ্যারোমেক্সিকো, কাতার এয়ারওয়েজ এবং কেএলএমে বিভিন্ন শীর্ষ পর্যায়ের দায়িত্ব পালন করেছেন।
পাশাপাশি আন্তর্জাতিক বিমান চলাচল ও ব্যবসা খাতসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। আঙ্কো ভ্যান ডার ওয়ের্ফ বিদায়ী প্রেসিডেন্ট ও সিইও মাইকেল রুসোর স্থলাভিষিক্ত হচ্ছেন। চলতি বছরের শুরুতে মাইকেল রুসো অবসরের ঘোষণা দেন।
আগস্টের ৩১ তারিখ থেকে তার অবসর কার্যকর হবে। এরপর নতুন প্রধান নির্বাহী দায়িত্ব গ্রহণ করা পর্যন্ত এয়ার কানাডার নির্বাহী কমিটি পরিচালনা পর্ষদের কাছে সরাসরি জবাবদিহি করবে।
এয়ার কানাডা জানিয়েছে, নতুন সিইও নির্বাচনে বৈশ্বিক পর্যায়ে বিস্তৃত অনুসন্ধান চালানো হয়েছে। প্রার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে বিভিন্ন কর্মদক্ষতার পাশাপাশি ফরাসি ভাষায় যোগাযোগের সক্ষমতাকেও গুরুত্বপূর্ণ মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়েছে।
নেদারল্যান্ডসে জন্ম নেওয়া আঙ্কো ভ্যান ডার ওয়ের্ফের মাতৃভাষা ডাচ। এ ছাড়া তিনি ইংরেজি ও ফরাসি ভাষায় যোগাযোগ করতে পারেন। কর্মজীবনে তিনি স্প্যানিশ, ইতালীয় এবং সুইডিশ ভাষাও শিখেছেন বলে জানিয়েছে এয়ার কানাডা।























