বাংলাদেশে প্রবাসী আয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র, ২০২৪-২৫ অর্থবছরে দেশে এসেছে ৩০.৩৩ বিলিয়ন ডলার
- প্রকাশঃ ১৪ জুলাই ২০২৬, ১০:৪০
- / 5
২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলার। জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার জাতীয় সংসদের ১৩তম অধিবেশনের দ্বিতীয় অধিবেশনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য উপস্থাপন করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
মন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে যুক্তরাষ্ট্র থেকে। দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা মোট ৪ দশমিক ৭৩ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন, যা মোট রেমিট্যান্সের প্রায় ১৫ দশমিক ৬ শতাংশ। রেমিট্যান্স প্রেরণে দ্বিতীয় অবস্থানে রয়েছে সৌদি আরব। দেশটি থেকে এসেছে ৪ দশমিক ২৬ বিলিয়ন ডলার। তৃতীয় অবস্থানে থাকা সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে ৪ দশমিক ১৭ বিলিয়ন ডলার।
যুক্তরাষ্ট্র, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত মিলিয়ে মোট ১৩ দশমিক ১৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশের মোট রেমিট্যান্স আয়ের প্রায় ৪৩ দশমিক ৪ শতাংশ। তালিকায় চতুর্থ স্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটি থেকে এসেছে ৩ দশমিক ১৭ বিলিয়ন ডলার। এরপর মালয়েশিয়া থেকে এসেছে ২ দশমিক ৮০ বিলিয়ন ডলার।
তথ্য অনুযায়ী, উপসাগরীয় দেশগুলো এখনো বাংলাদেশের রেমিট্যান্স আয়ের প্রধান উৎস। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েত, কাতার ও বাহরাইন থেকে সম্মিলিতভাবে এসেছে প্রায় ১৩ দশমিক ৬৬ বিলিয়ন ডলার, যা মোট রেমিট্যান্সের প্রায় ৪৫ শতাংশ। ইউরোপ থেকেও উল্লেখযোগ্য পরিমাণ রেমিট্যান্স এসেছে। ইতালি থেকে সর্বোচ্চ ১ দশমিক ৬৫ বিলিয়ন ডলার এসেছে, যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে সর্বাধিক।
এ ছাড়া ফ্রান্স থেকে ৩৩৫ দশমিক ৫৯ মিলিয়ন ডলার, দক্ষিণ কোরিয়া থেকে ২২৭ দশমিক ০৪ মিলিয়ন ডলার, কানাডা থেকে ২২৩ দশমিক ৯৮ মিলিয়ন ডলার, গ্রিস থেকে ১৮৫ দশমিক ২১ মিলিয়ন ডলার, জার্মানি থেকে ১৮০ দশমিক ৬২ মিলিয়ন ডলার, অস্ট্রেলিয়া থেকে ১৭৭ দশমিক ০৯ মিলিয়ন ডলার এবং জর্ডান থেকে ১৬৮ দশমিক ১৭ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।
প্রচলিত শ্রমবাজারের বাইরেও বিভিন্ন দেশ থেকে উল্লেখযোগ্য রেমিট্যান্স এসেছে। দক্ষিণ আফ্রিকা থেকে ৪০২ দশমিক ৯১ মিলিয়ন ডলার, মরদ্বীপ থেকে ১৪১ দশমিক ০৯ মিলিয়ন ডলার, মরিশাস থেকে ১৪৩ দশমিক ৭১ মিলিয়ন ডলার, জাপান থেকে ১০৫ দশমিক ৯৪ মিলিয়ন ডলার, পর্তুগাল থেকে ১০২ দশমিক ৪৩ মিলিয়ন ডলার এবং ব্রুনেই দারুসসালাম থেকে ৮৭ দশমিক ৩৮ মিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।























