অস্ট্রেলিয়ায় ৭৩ হাজারের বেশি চাকরির শূন্যপদ, বাড়ছে অভিবাসী কর্মীর চাহিদা
- প্রকাশঃ ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৫২
- / 5
অস্ট্রেলিয়া (প্রজন্ম কথা) – দেশটির বড় শহরগুলোর বাইরে আঞ্চলিক এলাকাগুলোতে কর্মী সংকট মোকাবিলায় অভিবাসী ও দক্ষ জনশক্তির প্রতি আগ্রহ বাড়ছে। স্বাস্থ্যসেবা, নির্মাণ, কারিগরি পেশা, পরিচর্যা এবং আতিথেয়তা খাতে কর্মীর চাহিদা থাকলেও প্রয়োজনীয় লোকবল খুঁজে পেতে সমস্যায় পড়ছেন নিয়োগকর্তারা।
আঞ্চলিক অস্ট্রেলিয়া ইনস্টিটিউটের প্রকাশিত শ্রমবাজারবিষয়ক তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে আঞ্চলিক এলাকাগুলোতে অনলাইনে প্রকাশিত চাকরির শূন্যপদের সংখ্যা ছিল ৭৩ হাজার ১১৭টি। আগস্টের তুলনায় এ সংখ্যা ৩ দশমিক ৩ শতাংশ বেশি। আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে শূন্যপদের সংখ্যা ০ দশমিক ৭ শতাংশ।
প্রতিবেদনে দেখা গেছে, আঞ্চলিক এলাকায় প্রকাশিত চাকরির বিজ্ঞাপনের মাত্র ৬৭ শতাংশ পদ পূরণ করা সম্ভব হচ্ছে। অর্থাৎ, নিয়োগকর্তাদের চাহিদা থাকা সত্ত্বেও প্রায় এক-তৃতীয়াংশ পদে কর্মী নিয়োগ করা যাচ্ছে না।
প্রতিবেদন অনুযায়ী, আঞ্চলিক এলাকার চাকরির বিজ্ঞাপনের ২৭ শতাংশ ছিল পেশাজীবীদের জন্য। টেকনিশিয়ান ও কারিগরি পেশার কর্মীদের জন্য ছিল ১৬ শতাংশ এবং সমাজ ও ব্যক্তিগত সেবা খাতের কর্মীদের জন্য ১২ শতাংশ।
বিশেষ করে চিকিৎসক, নার্স, পরিচর্যাকারী, পরিচর্যা সহকারী, কল সেন্টার কর্মী এবং অভ্যর্থনাকর্মীদের চাহিদা উল্লেখযোগ্য।
আঞ্চলিক অস্ট্রেলিয়া ইনস্টিটিউটের পর্যবেক্ষণ অনুযায়ী, এসব এলাকায় কর্মীর চাহিদা থাকলেও স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় দক্ষতা ও প্রশিক্ষণের ঘাটতি, পরিবহন সমস্যা এবং অন্যান্য সুযোগ-সুবিধার সীমাবদ্ধতা নিয়োগপ্রক্রিয়াকে কঠিন করে তুলছে।
শ্রমিক সংকট মোকাবিলায় অভিবাসীদের আঞ্চলিক এলাকায় বসবাস ও কাজের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।
সংস্থাটির ২০২৬ সালের গবেষণা অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বিদেশ থেকে আসা অভিবাসীদের ১৭ শতাংশের কিছু বেশি আঞ্চলিক অস্ট্রেলিয়ায় বসতি গড়েছেন। অথচ দেশটির মোট জনসংখ্যার ৩৬ দশমিক ৩ শতাংশ এসব অঞ্চলে বসবাস করেন।
সংস্থাটির প্রস্তাব, আঞ্চলিক এলাকার শ্রমিক সংকট কমানো এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে অভিবাসীদের এসব এলাকায় বসবাস ও কাজের সুযোগ বাড়ানো প্রয়োজন।
বাংলাদেশি চাকরিপ্রার্থী ও নতুন অভিবাসীদের জন্য আঞ্চলিক অস্ট্রেলিয়ার শ্রমবাজার গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনের বাইরে বিভিন্ন আঞ্চলিক শহরে স্বাস্থ্যসেবা, কারিগরি পেশা, পরিচর্যা এবং অন্যান্য খাতে চাকরির সুযোগ খোঁজার অবকাশ রয়েছে।
তবে আঞ্চলিক এলাকায় ৭৩ হাজারের বেশি চাকরির বিজ্ঞাপন থাকার অর্থ এই নয় যে সব পদ বিদেশি আবেদনকারীদের জন্য উন্মুক্ত। এসব চাকরির সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে ভিসার সুযোগও যুক্ত নেই। আবেদন করার আগে পদের যোগ্যতা, নিয়োগকর্তার শর্ত, কাজের অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট ভিসার নিয়ম আলাদাভাবে যাচাই করা প্রয়োজন।
আঞ্চলিক অস্ট্রেলিয়ার কর্মসংস্থান, অভিবাসন ও জনসংখ্যা বৃদ্ধির বিষয়গুলো দেশটির ভবিষ্যৎ অর্থনৈতিক পরিকল্পনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।




























