নিউইয়র্কের ব্রঙ্কসে ২৬৮ সাশ্রয়ী অ্যাপার্টমেন্টের লটারি, ভাড়া ৮৩০ ডলার থেকে
- প্রকাশঃ ২৪ নভেম্বর ২০২৬, ১০:৪৩
- / 2
নিউইয়র্ক, ২৪ নভেম্বর (প্রজন্ম কথা): যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরের ব্রঙ্কসের কিংসব্রিজ এলাকায় ২৬৮টি সাশ্রয়ী অ্যাপার্টমেন্টের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। ভ্যান কর্টল্যান্ড পার্ক সাউথ অ্যাপার্টমেন্টস নামের নতুন আবাসন প্রকল্পে মাসিক ভাড়া শুরু হয়েছে ৮৩০ ডলার থেকে। আবেদন করা যাবে ২০২৭ সালের ১২ জানুয়ারি পর্যন্ত।
১৬০ ভ্যান কর্টল্যান্ড পার্ক সাউথ ঠিকানায় নির্মিত আটতলা ভবনটিতে স্টুডিও থেকে শুরু করে তিন শয়নকক্ষের অ্যাপার্টমেন্ট রয়েছে। আবেদনকারীদের পরিবারের সদস্যসংখ্যা ও আয়ের ভিত্তিতে বাসা বরাদ্দের জন্য লটারি অনুষ্ঠিত হবে। পরিবারের বার্ষিক আয় ৩২ হাজার ২৬৩ ডলার থেকে সর্বোচ্চ ২ লাখ ২০ হাজার ৯২০ ডলারের মধ্যে হলে আবেদন করা যাবে।
প্রকল্পটি বাস্তবায়ন করেছে আবাসন নির্মাতা প্রতিষ্ঠান টিশম্যান স্পেয়ার। নিউইয়র্ক সিটির আবাসন উন্নয়ন করপোরেশন এবং আবাসন সংরক্ষণ ও উন্নয়ন বিভাগের ‘মিক্স অ্যান্ড ম্যাচ’ কর্মসূচির আওতায় এটি নির্মিত হয়েছে।
ভবনটির প্রতিটি অ্যাপার্টমেন্টে বিনা মূল্যে উচ্চগতির ওয়াই-ফাই ও আধুনিক বৈদ্যুতিক সরঞ্জাম রয়েছে। বাসিন্দাদের জন্য আরও থাকছে ছাদের খোলা টেরেস, ব্যায়ামাগার, বিনোদনকক্ষ, যৌথ ব্যবহারের লন্ড্রি, সাইকেল রাখার ব্যবস্থা এবং সার্বক্ষণিক নিরাপত্তাকর্মীসহ প্রবেশপথ। ভবনটিতে নিরাপত্তা ক্যামেরাও রয়েছে।
পোষা প্রাণী রাখার অনুমতি থাকলেও বিদ্যুৎ বিল ভাড়াটিয়াদেরই পরিশোধ করতে হবে। এর মধ্যে বৈদ্যুতিক চুলা ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার বিদ্যুৎ খরচও অন্তর্ভুক্ত। ভবনে নির্দিষ্ট পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, তবে এ জন্য অতিরিক্ত ফি দিতে হবে।
গণপরিবহনের ক্ষেত্রেও ভবনটির অবস্থান সুবিধাজনক। কাছেই রয়েছে ২৩৮ স্ট্রিটে ১ নম্বর ট্রেনের স্টেশন। এ ছাড়া বি-এক্স ৩, বি-এক্স এম ৩, বি-এক্স ১০ ও বি-এক্স ৯ বাস চলাচল করে।
আয় ও ভাড়ার ভিত্তিতে বাসার বিবরণ
আবাসন প্রকল্পটিতে পরিবারের আয় অনুযায়ী তিনটি স্তরে বাসা বরাদ্দ করা হবে। এগুলো হলো ৪০, ৮০ ও ১০৫ শতাংশ গড় মধ্যম আয়ের স্তর।
৪০ শতাংশ আয়স্তর:
-
স্টুডিও: ১৩টি বাসা, মাসিক ভাড়া ৮৩০ ডলার। পরিবারের সদস্য ১ থেকে ২ জন। বার্ষিক আয় ৩২ হাজার ২৬৩ থেকে ৫৪ হাজার ২৮০ ডলার।
-
এক শয়নকক্ষ: ৬৪টি বাসা, ভাড়া ১ হাজার ৫১ ডলার। পরিবারের সদস্য ১ থেকে ৩ জন। আয় ৪০ হাজার ৩৫৫ থেকে ৬১ হাজার ৮০ ডলার।
-
দুই শয়নকক্ষ: ৩০টি বাসা, ভাড়া ১ হাজার ২৪৫ ডলার। পরিবারের সদস্য ২ থেকে ৫ জন। আয় ৪৮ হাজার ৪১২ থেকে ৭৩ হাজার ২৮০ ডলার।
-
তিন শয়নকক্ষ: ১৩টি বাসা, ভাড়া ১ হাজার ৪২২ ডলার। পরিবারের সদস্য ৩ থেকে ৭ জন। আয় ৫৫ হাজার ৯২০ থেকে ৮৪ হাজার ১৬০ ডলার।
৮০ শতাংশ আয়স্তর:
-
স্টুডিও: ২টি বাসা, মাসিক ভাড়া ১ হাজার ৮৪৮ ডলার। পরিবারের সদস্য ১ থেকে ২ জন। বার্ষিক আয় ৬৭ হাজার ১৬৬ থেকে ১ লাখ ৮ হাজার ৫৬০ ডলার।
-
এক শয়নকক্ষ: ৩৪টি বাসা, ভাড়া ২ হাজার ৩২৩ ডলার। পরিবারের সদস্য ১ থেকে ৩ জন। আয় ৮৩ হাজার ৯৬৬ থেকে ১ লাখ ২২ হাজার ১৬০ ডলার।
-
দুই শয়নকক্ষ: ১৬টি বাসা, ভাড়া ২ হাজার ৭৭২ ডলার। পরিবারের সদস্য ২ থেকে ৫ জন। আয় ১ লাখ ৭৬৬ থেকে ১ লাখ ৪৬ হাজার ৫৬০ ডলার।
-
তিন শয়নকক্ষ: ৭টি বাসা, ভাড়া ৩ হাজার ১৮৬ ডলার। পরিবারের সদস্য ৩ থেকে ৭ জন। আয় ১ লাখ ১৬ হাজার ৪০০ থেকে ১ লাখ ৬৮ হাজার ৩২০ ডলার।
১০৫ শতাংশ আয়স্তর:
-
এক শয়নকক্ষ: ৫৩টি বাসা, মাসিক ভাড়া ২ হাজার ৫৭৮ ডলার। পরিবারের সদস্য ১ থেকে ৩ জন। বার্ষিক আয় ৯২ হাজার ৭০৯ থেকে ১ লাখ ৬০ হাজার ৩৩৫ ডলার।
-
দুই শয়নকক্ষ: ২৪টি বাসা, ভাড়া ৩ হাজার ৭৭ ডলার। পরিবারের সদস্য ২ থেকে ৫ জন। আয় ১ লাখ ১১ হাজার ২২৩ থেকে ১ লাখ ৯২ হাজার ৩৬০ ডলার।
-
তিন শয়নকক্ষ: ১২টি বাসা, ভাড়া ৩ হাজার ৫৩৯ ডলার। পরিবারের সদস্য ৩ থেকে ৭ জন। আয় ১ লাখ ২৮ হাজার ৫০৩ থেকে ২ লাখ ২০ হাজার ৯২০ ডলার।
প্রতিটি আয়স্তরে আবেদনকারীদের সম্পদের সর্বোচ্চ সীমাও নির্ধারণ করা হয়েছে। ৪০ শতাংশ আয়স্তরে তা ৬৭ হাজার ৮৪০ ডলার, ৮০ শতাংশে ১ লাখ ৩৫ হাজার ৬৮০ ডলার এবং ১০৫ শতাংশে ১ লাখ ৭৮ হাজার ৮০ ডলার।
তবে যেসব আবেদনকারীর সেকশন ৮ ভাউচার বা অন্য যোগ্য ভাড়া সহায়তা রয়েছে, তাঁদের ক্ষেত্রে ন্যূনতম আয়ের শর্ত প্রযোজ্য নাও হতে পারে।
আবেদনের নিয়ম
আগ্রহীদের ২০২৭ সালের ১২ জানুয়ারির মধ্যে আবেদন জমা দিতে হবে। আবেদন করা যাবে নিউইয়র্ক সিটির আবাসনবিষয়ক ওয়েবসাইটে এনওয়াইসি হাউজিং কানেক্ট অ্যাকাউন্টে প্রবেশ করে প্রকল্পটির নাম খুঁজে।
ডাকযোগে আবেদন করতে চাইলে নিজের ঠিকানা লেখা ও ডাকটিকিট লাগানো খাম পাঠিয়ে কাগজের আবেদনপত্র চাওয়া যাবে। ঠিকানা:
ভ্যান কর্টল্যান্ড পার্ক সাউথ অ্যাপার্টমেন্টস
কেয়ার অব লেমলে অ্যান্ড উলফ কোম্পানিজ
৫৯২৫ ব্রডওয়ে
ব্রঙ্কস, নিউইয়র্ক ১০৪৬৩
আবেদনকারীদের সতর্ক করা হয়েছে, অনলাইনে ও ডাকযোগে একাধিক আবেদন জমা দেওয়া যাবে না। দুটি মাধ্যমে আবেদন করলে তা বাতিল হতে পারে।




























