লোভনীয় চাকরির বিজ্ঞাপনের আড়ালে যুক্তরাষ্ট্রের গোপন তথ্য কীভাবে নিয়ে যাচ্ছে চীন
- প্রকাশঃ ২৪ নভেম্বর ২০২৬, ১৭:২০
- / 8
ওয়াশিংটন, ২৪ নভেম্বর ২০২৬ (প্রজন্ম কথা) – লোভনীয় বেতনের চাকরির বিজ্ঞাপন দিয়ে যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক সরকারি কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করছে সন্দেহভাজন চীনা গোয়েন্দারা। ভুয়া পরামর্শক প্রতিষ্ঠান তৈরি করে লিংকডইনের মতো পেশাজীবীদের যোগাযোগমাধ্যমে নিয়োগের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। এরপর চাকরিপ্রার্থীদের দিয়ে গবেষণাপত্র তৈরি করিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা, সরকারি নীতিমালা ও কৌশলগত দুর্বলতা সম্পর্কে সংবেদনশীল তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক অনুসন্ধানী প্রতিবেদনে এ তৎপরতার বিস্তৃত নেটওয়ার্কের তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক গণছাঁটাইয়ের পর চাকরি হারানো হাজার হাজার কর্মীও এখন এই তৎপরতার সম্ভাব্য লক্ষ্যবস্তু। তাঁদের অনেকের কাছেই সরকারি দায়িত্ব পালনের সময় অর্জিত এমন অভিজ্ঞতা ও তথ্য রয়েছে, যা যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ দেশগুলোর কাছে মূল্যবান হতে পারে।
সিএনএন এ ধরনের প্রতারণার শিকার হয়েছেন বা সন্দেহজনক নিয়োগপ্রক্রিয়ার মুখোমুখি হয়েছেন, এমন ১২ জনের সঙ্গে কথা বলেছে। পাশাপাশি সন্দেহজনক ওয়েবসাইট বিশ্লেষণ করে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এফবিআইয়ের বন্ধ করে দেওয়া ওয়েবসাইটগুলোর বাইরেও একই ধরনের আরও অনেক সাইট সক্রিয় রয়েছে।
সরকারি কর্মকর্তাদের পাশাপাশি সাংবাদিক, বাণিজ্যবিষয়ক পরামর্শক এবং বিভিন্ন খাতের পেশাজীবীরাও এই নেটওয়ার্কের লক্ষ্যবস্তু হয়েছেন। তাঁদের কাছে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ দেশগুলোর আগ্রহের বিষয় সম্পর্কে তথ্য থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এফবিআইয়ের বন্ধ করা ১৩ ওয়েবসাইটই হিমশৈলের চূড়া
চলতি বছরের জুনে এফবিআই এ ধরনের প্রতারণামূলক নিয়োগ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ১৩টি ওয়েবসাইট বন্ধ করে দেয়। মার্কিন কর্মকর্তাদের দাবি, সাইটগুলোর সঙ্গে ভুয়া পরামর্শক প্রতিষ্ঠানের যোগসূত্র ছিল।
তবে সিএনএনের অনুসন্ধানে এফবিআইয়ের বন্ধ করা ওয়েবসাইটগুলোর বাইরে একই ধরনের আরও কয়েকটি সাইটের সন্ধান পাওয়া গেছে। ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিসের জ্যেষ্ঠ বিশ্লেষক ম্যাক্স লেসার সংবাদমাধ্যমটিকে এমন দুটি ওয়েবসাইটের তথ্য দিয়েছেন। এগুলোর ওয়েব অবকাঠামোর সঙ্গে এফবিআইয়ের জব্দ করা সাইটগুলোর মিল রয়েছে।
লেসারের অনুসন্ধানে সব মিলিয়ে ১০০টির বেশি ওয়েব ডোমেইনের সন্ধান পাওয়া গেছে। এর অনেকগুলোর সঙ্গে এফবিআইয়ের বন্ধ করে দেওয়া ওয়েবসাইটগুলোর মিল রয়েছে। ডোমেইন হলো ইন্টারনেটে কোনো ওয়েবসাইটে প্রবেশের জন্য ব্যবহৃত নির্দিষ্ট ঠিকানা।
লেসার বলেন, এসব ওয়েবসাইটের বিস্তৃত নেটওয়ার্কে চীনা গোয়েন্দা সংস্থার অভিযানের বৈশিষ্ট্য স্পষ্ট। ২০২৫ সালের নভেম্বরে তিনি ডোমেইনগুলোর তথ্য প্রকাশ্যে আনার পরও বেশির ভাগ ওয়েবসাইট কয়েক মাস সচল ছিল এবং কার্যক্রম চালিয়েছে। তবে গত মাসে সেগুলোর বেশ কয়েকটি বন্ধ হয়ে যায়।
এফবিআইয়ের বন্ধ করা ১৩টি ওয়েবসাইটকে এই নেটওয়ার্কের সামান্য অংশ হিসেবে উল্লেখ করে লেসার বলেন, এগুলো হিমশৈলের চূড়ামাত্র। এ ধরনের ওয়েবসাইট সম্পর্কে সতর্ক করা হলে মার্কিন সরকারের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।
এফবিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, এ তৎপরতা নিয়ে সংস্থাটির তদন্ত অব্যাহত রয়েছে। তবে বিশেষজ্ঞদের ধারণা, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ এই প্রতারণামূলক কার্যক্রমের সামান্য অংশই বন্ধ করতে পেরেছে।
চাকরির প্রলোভনে পেন্টাগনের সাবেক কর্মী
সিএনএনের প্রতিবেদনে পেন্টাগনের সাবেক কর্মী ওয়েস ব্রায়ান্টের অভিজ্ঞতার কথাও তুলে ধরা হয়েছে। ২০২৫ সালের জানুয়ারিতে তিনি একটি ই-মেইল পান। প্রেরক নিজেকে মালয়েশিয়ার এমআরডিএ নামের একটি গবেষণাপ্রতিষ্ঠানের কর্মী হিসেবে পরিচয় দেন। ই-মেইলে ব্রায়ান্টের সামরিক অভিজ্ঞতা ও কাজের প্রশংসা করে মালয়েশিয়া এবং বৃহত্তর অঞ্চলের নিরাপত্তা জোরদারে তাঁর মতো বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়।
প্রথমে ই-মেইলটি উপেক্ষা করেন ব্রায়ান্ট। তবে দুই মাস পর নতুন চাকরির প্রয়োজন দেখা দিলে প্রতিষ্ঠানটির সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেন তিনি। একই সঙ্গে পেন্টাগনের সাবেক সহকর্মীদের কাছ থেকেও প্রতিষ্ঠানটি সম্পর্কে খোঁজখবর নেন। ব্রায়ান্ট যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের মধ্যে নিরাপত্তা চুক্তি নিয়ে ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য পদক্ষেপের বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করেন। এতে তিনি কেবল প্রকাশ্য ও অগোপনীয় তথ্য ব্যবহার করেন।
প্রতিবেদনটির জন্য এমআরডিএর প্রতিনিধি ‘লিলি’ তাঁকে ১ হাজার ২০০ ডলার দেন। পরে লিলি জানান, নাম প্রকাশ না করা এক গ্রাহক প্রতিবেদনটি পড়ে বলেছেন, এতে আরও উন্নতির সুযোগ রয়েছে। ব্রায়ান্টের সন্দেহ হয়, আরও সংবেদনশীল তথ্য বের করে আনার জন্যই তাঁকে এভাবে প্ররোচিত করা হচ্ছে।
এরই মধ্যে তাঁর সাবেক সহকর্মীরা জানান, এমআরডিএ নামে কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব নেই। তাঁরা আরও বলেন, লিলি পেন্টাগনের কয়েকজন কর্মীর সঙ্গেও যোগাযোগ করেছিলেন। পরে ব্রায়ান্ট নিজেই লিলির সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করেন। এরপর লিলির সঙ্গে তাঁর যোগাযোগ কমে যায়। এ বিষয়ে মন্তব্য জানতে সিএনএন লিলি ও এমআরডিএর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে।
লেসারের বিশ্লেষণ অনুযায়ী, এমআরডিএর ওয়েবসাইটে চীনা ভাষার ফন্ট ব্যবহার করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক প্রতিনিধির প্রকাশিত ছবিতে চীনের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম রেডনোটের জলছাপও পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠানটির কার্যক্রম নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।
গণছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে সন্দেহভাজন গোয়েন্দারা
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর প্রথম বছরে চাকরিচ্যুতি ও পদত্যাগসহ বিভিন্ন কারণে যুক্তরাষ্ট্র সরকারের কয়েক লাখ কর্মী চাকরি হারান। কয়েক দশকের মধ্যে একসঙ্গে এত বেশি সরকারি কর্মী চাকরি হারানোর ঘটনা এটিই প্রথম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর ফলে ওয়াশিংটন ডিসি এলাকায় হঠাৎ করে নিরাপত্তা ছাড়পত্রধারী বিপুলসংখ্যক সাবেক সরকারি কর্মী বেকার হয়ে পড়েন। সাবেক মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা, পর্যাপ্ত দিকনির্দেশনা ও সুরক্ষাব্যবস্থা ছাড়াই চাকরি হারানো এসব কর্মী বিদেশি গোয়েন্দাদের লক্ষ্যবস্তু হওয়ার ঝুঁকিতে রয়েছেন।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সাবেক এক জ্যেষ্ঠ কর্মকর্তা সিএনএনকে বলেন, গণছাঁটাইয়ের মাধ্যমে এমন একটি দুর্বলতা তৈরি করা হয়েছে, যার কোনো প্রয়োজন ছিল না। চীনের মতো প্রতিপক্ষকে মোকাবিলার প্রস্তুতি ও সুরক্ষাব্যবস্থা ছাড়াই হাজার হাজার, এমনকি কয়েক লাখ সাবেক কর্মীর কাছে বিদেশি গোয়েন্দাদের পৌঁছানোর সুযোগ তৈরি হয়েছে।
ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের পাল্টা গোয়েন্দা কার্যক্রমের পরিচালক ছিলেন হোল্ডেন ট্রিপলেট। তাঁর মতে, গুপ্তচরবৃত্তির এ ধরনের ফাঁদ থেকে সাবেক কর্মীদের সুরক্ষায় মার্কিন সরকার যথেষ্ট সহায়তা করছে না।
যেভাবে কাজ করে ভুয়া প্রতিষ্ঠানগুলো
আদালতের নথি অনুযায়ী, এসব ভুয়া প্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তা ও চুরি করা পরিচয় ব্যবহার করে পেশাদার চেহারার করপোরেট ওয়েবসাইট তৈরি করে। এরপর লিংকডইনসহ বিভিন্ন চাকরির ওয়েবসাইটে চীন-সংশ্লিষ্ট বিষয়ে পরামর্শক নিয়োগের বিজ্ঞাপন দেয়। বিজ্ঞাপনগুলোতে কাজের বিবরণ অস্পষ্ট রাখা হলেও বেতন আকর্ষণীয় দেখানো হয়।
যুক্তরাষ্ট্রের সাবেক কোনো সরকারি কর্মকর্তা বা বেসরকারি পরামর্শক এসব বিজ্ঞাপনে আবেদন করলে তাঁকে গবেষণাপত্র তৈরির কাজ দেওয়া হয়। অনেক ক্ষেত্রে নিয়োগদাতা প্রতিষ্ঠানের প্রকৃত গ্রাহক কে, তা আবেদনকারীকে জানানো হয় না।
এভাবে বিভিন্ন বিষয়ে কয়েক ডজন বা কয়েক শ গবেষণাপত্র সংগ্রহ করা সম্ভব হলে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তানীতি, কৌশলগত অবস্থান ও দুর্বলতা সম্পর্কে একটি বিস্তৃত ধারণা পাওয়া যেতে পারে। এফবিআইয়ের বর্তমান ও সাবেক কর্মকর্তারা সিএনএনকে এ আশঙ্কার কথা জানিয়েছেন।
এফবিআইয়ের ওয়াশিংটন ফিল্ড অফিসের পাল্টা গোয়েন্দা ও সাইবার বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিশেষ এজেন্ট ড্যানিয়েল ওয়েরজবিকি বলেন, গবেষণাপত্র থেকে পাওয়া তথ্যের সঙ্গে ইলেকট্রনিক যোগাযোগে আড়ি পেতে এবং বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করা অন্যান্য গোয়েন্দা তথ্য মিলিয়ে নিলে বেইজিং যুক্তরাষ্ট্রের ওপর কৌশলগত বা অর্থনৈতিক সুবিধা পেতে পারে।
তিনি বলেন, চীন অত্যন্ত দক্ষ প্রতিপক্ষ। কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় দেশটি আরও উন্নত ও কৌশলী হয়ে উঠছে। নিজেদের পরিচয় এমনভাবে তৈরি করছে, যা লক্ষ্যবস্তু ব্যক্তিদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়। বিশেষজ্ঞদের মতে, ভুয়া পরামর্শক প্রতিষ্ঠান ব্যবহার করে নিয়োগের নামে তথ্য সংগ্রহের কৌশল নতুন নয়। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে ডিকসন ইয়েও নামের সিঙ্গাপুরের এক নাগরিক একটি ভুয়া প্রতিষ্ঠান তৈরি করে চাকরির বিজ্ঞাপন দিয়েছিলেন।
বিচার বিভাগের তথ্য অনুযায়ী, ওই বিজ্ঞাপনের জবাবে পাওয়া জীবনবৃত্তান্তের ৯০ শতাংশই ছিল নিরাপত্তা ছাড়পত্রধারী মার্কিন সামরিক বাহিনী ও সরকারি কর্মকর্তাদের। পরে চীনা গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার কথা স্বীকার করেন ইয়েও। তাঁকে দোষী সাব্যস্ত করে ১৪ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
সিএনএন ও ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরুতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের কর্মীদের গণছাঁটাইয়ের সময়ও এ ধরনের তৎপরতা অব্যাহত ছিল। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং লিংকডইনের মতো পেশাজীবীদের যোগাযোগমাধ্যমের বিস্তারের কারণে এসব কার্যক্রম আরও কার্যকর হয়ে উঠেছে। ট্রিপলেট লিংকডইনকে এযাবৎকালের সবচেয়ে কার্যকর গোয়েন্দা হাতিয়ারগুলোর একটি বলে উল্লেখ করেছেন।
অভিযোগের বিষয়ে লিংকডইনের এক মুখপাত্র সিএনএনকে বলেন, ভুয়া অ্যাকাউন্ট তৈরি বা পরিচয় গোপন করে অন্য পরিচয়ে কার্যক্রম চালানো তাদের ব্যবহারের শর্তের স্পষ্ট লঙ্ঘন। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত এ ধরনের অপতৎপরতা শনাক্ত করা এবং ভুয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ওপর প্রতিষ্ঠানটি গুরুত্ব দিচ্ছে।
এ ধরনের তৎপরতা নিয়ে উদ্বেগ কেবল যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নেই। গত জুনে যুক্তরাষ্ট্র ও তার ‘ফাইভ আইজ’ গোয়েন্দা জোটের সদস্য অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড ও যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থাগুলোও সতর্কতা জারি করে।
তাদের সতর্কবার্তায় বলা হয়, ভুয়া পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে সংগ্রহ করা নির্দিষ্ট ধরনের তথ্য সামরিক বাহিনীর সম্মুখসারিতে থাকা সদস্যসহ বিভিন্ন কর্মীর জীবন ঝুঁকিতে ফেলতে পারে। এ ধরনের তথ্য অর্থনৈতিক সমৃদ্ধি দুর্বল করার পাশাপাশি গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের সুযোগও তৈরি করতে পারে।
এদিকে চীনের বিরুদ্ধে মার্কিন কর্মকর্তাদের নিয়োগের চেষ্টা চালানোর অভিযোগ অস্বীকার করেছে বেইজিং। ওয়াশিংটনে চীনা দূতাবাসের এক কর্মকর্তা সিএনএনকে বলেন, এ বিষয়ে তিনি অবগত নন। কথিত চীনা গুপ্তচরবৃত্তির বয়ান ছড়িয়ে চীনকে হেয় করার বিরোধিতা করে বেইজিং।

























