শিশু ও কিশোরদের জন্য লন্ডনকে বিশ্বের নিরাপদতম শহর গড়ার ঘোষণা মেয়র সাদিক খানের
- প্রকাশঃ ০৫ অগাস্ট ২০২৬, ১৮:২৯
- / 3
শিশু ও কিশোরদের জন্য লন্ডনকে বিশ্বের সবচেয়ে নিরাপদ এবং সেরা শহরে পরিণত করার লক্ষ্য ঘোষণা করেছেন লন্ডনের মেয়র স্যার সাদিক খান। তিনি বলেছেন, আগামী বছর থেকে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর হলেও কিশোর অপরাধ কমাতে এই পদক্ষেপ একাই যথেষ্ট হবে না। এর পাশাপাশি তরুণদের জন্য নিরাপদ পরিবেশ, খেলাধুলা, শিক্ষা, মেন্টরশিপ এবং দক্ষতা উন্নয়নের সুযোগ আরও বাড়ানো জরুরি।
টটেনহ্যাম হটস্পারের প্রশিক্ষণ কেন্দ্রে এক অনুষ্ঠানে সাদিক খান বলেন, গ্রীষ্মকালীন ছুটিতে স্কুল বন্ধ থাকায় অনেক তরুণ অপরাধী চক্রের শোষণ, গ্যাং কার্যক্রম ও সহিংসতার ঝুঁকিতে পড়ে। এ কারণে তাদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত রাখতে সিটি হল অতিরিক্ত ১৫ লাখ পাউন্ড বিনিয়োগ করছে।
এই অর্থ লন্ডন ভায়োলেন্স রিডাকশন ইউনিট (VRU), প্রিমিয়ার লিগ ফাউন্ডেশন এবং লন্ডনের ১১টি পেশাদার ফুটবল ক্লাবের দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে ব্যয় করা হবে। এর আওতায় শত শত ফুটবল সেশন, খেলাধুলা, শিল্প-সংস্কৃতি, গণমাধ্যমভিত্তিক কার্যক্রম, মেন্টরশিপ এবং কর্মসংস্থানমুখী দক্ষতা উন্নয়ন কর্মসূচি পরিচালিত হবে। এর লক্ষ্য তরুণদের অপরাধ ও শোষণের ঝুঁকি থেকে দূরে রেখে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা।
মেয়র বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বয়সভিত্তিক নিষেধাজ্ঞা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে তরুণদের সমালোচনামূলকভাবে চিন্তা করা, অনলাইনে বিভ্রান্তিকর বা ক্ষতিকর তথ্য শনাক্ত করা, দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠা এবং নিজেদের কাজের পরিণতি সম্পর্কে সচেতন হওয়ার শিক্ষাও দিতে হবে।



























