জার্মানির ডাড ইয়াং অ্যাম্বাসেডর প্রোগ্রামে আবেদন চলছে, সুযোগ পাবেন যাঁরা
- প্রকাশঃ ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৪১
- / 12
জার্মানিতে পড়াশোনা বা গবেষণার অভিজ্ঞতা থাকলে সেই অভিজ্ঞতাকে কাজে লাগানোর সুযোগ দিচ্ছে জার্মানির উচ্চশিক্ষা ও গবেষণা বিনিময় সংস্থা ডাড (DAAD)। সংস্থাটি ডাড ইয়াং অ্যাম্বাসেডর প্রোগ্রাম ২০২৭-এর জন্য আবেদন আহ্বান করেছে। নির্বাচিতরা জার্মানিতে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের তথ্য, পরামর্শ এবং নিজেদের বাস্তব অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগ পাবেন।
আগ্রহী প্রার্থীদের ডাডের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। তবে আবেদনপত্র জমা দেওয়ার আগে অনলাইনে যোগ্যতা যাচাই সম্পন্ন করা বাধ্যতামূলক।
কেন এই কর্মসূচি
ডাডের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো জার্মানিতে পড়াশোনা বা গবেষণার অভিজ্ঞতা রয়েছে এমন প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা। এই নেটওয়ার্কের মাধ্যমে ভবিষ্যৎ শিক্ষার্থীরা জার্মানির বিশ্ববিদ্যালয়, বৃত্তি, গবেষণার সুযোগ এবং উচ্চশিক্ষা-সংক্রান্ত বাস্তব তথ্য সহজে জানতে পারবেন।
দুই সেমিস্টারব্যাপী এই কর্মসূচির শুরুতে অংশগ্রহণকারীদের জন্য একটি বাধ্যতামূলক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে।
নির্বাচিতদের দায়িত্ব
প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা জার্মানির উচ্চশিক্ষা ব্যবস্থা, গবেষণার পরিবেশ, ডাডের বিভিন্ন বৃত্তি এবং অর্থায়ন কর্মসূচি সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন।
এরপর তারা বিভিন্ন শিক্ষা মেলা, বিশ্ববিদ্যালয়ভিত্তিক অনুষ্ঠান এবং তথ্যসেশনে ডাডের প্রতিনিধিত্ব করবেন। পাশাপাশি জার্মানিতে পড়তে আগ্রহী শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন এবং নিজের অভিজ্ঞতা ভাগ করে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবেন।
কারা আবেদন করতে পারবেন
আবেদনকারীদের নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে:
- বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল বা শ্রীলঙ্কার নাগরিক হতে হবে।
- জার্মানিতে পড়াশোনা, গবেষণা বা অন্য কোনো একাডেমিক কর্মসূচিতে অংশগ্রহণের অভিজ্ঞতা থাকতে হবে।
- ১ জানুয়ারি ২০২৭ তারিখে বয়স ৩২ বছরের কম হতে হবে।
- ২০২৬ সালের নভেম্বরে অনুষ্ঠিত বাধ্যতামূলক ইয়াং অ্যাম্বাসেডর প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিতে আগ্রহী হতে হবে।
- বর্তমানে জার্মানিতে অধ্যয়নরত শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়
ডাড ইয়াং অ্যাম্বাসেডর প্রোগ্রাম ২০২৭-এর জন্য আবেদন গ্রহণের শেষ সময় ৩০ সেপ্টেম্বর ২০২৬।
বিস্তারিত তথ্য এবং আবেদন প্রক্রিয়া জানতে ডাডের নির্ধারিত ওয়েবসাইট ভিজিট করতে হবে।


























