বাংলাদেশি স্কুলশিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে এক সেমিস্টার পড়ার সুযোগ, আবেদন ২৩ সেপ্টেম্বর পর্যন্ত
- প্রকাশঃ ১১ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৩
- / 1
ঢাকা, ১১ সেপ্টেম্বর (প্রজন্ম কথা) – বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ অর্থায়নে যুক্তরাষ্ট্রে এক সেমিস্টার পড়াশোনার সুযোগ দিচ্ছে কেনেডি-লুগার ইয়ুথ এক্সচেঞ্জ অ্যান্ড স্টাডি কর্মসূচি। ২০২৭ সালের বসন্ত সেমিস্টারের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের আগামী ২৩ সেপ্টেম্বর বিকেল ৪টার মধ্যে আবেদন করতে হবে।
ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কর্মসূচিটির আওতায় মেধার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের একটি মাধ্যমিক বিদ্যালয়ে এক সেমিস্টার পড়াশোনার সুযোগ পাবেন।
শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে অবস্থানের সময় একটি মার্কিন পরিবারের সঙ্গে থাকার সুযোগও থাকবে। এর ফলে বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি দেশটির সংস্কৃতি, ইতিহাস ও দৈনন্দিন জীবনযাপন কাছ থেকে জানার সুযোগ তৈরি হবে।
কর্মসূচিটির অন্যতম লক্ষ্য হলো বিভিন্ন দেশের তরুণদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সাংস্কৃতিক বিনিময় বাড়ানো এবং ভবিষ্যৎ নেতৃত্বের জন্য একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে তোলা। বাংলাদেশে এ কর্মসূচি ২০০৪ সাল থেকে পরিচালিত হচ্ছে।
মার্কিন দূতাবাসের তথ্য অনুযায়ী, ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশের ৫৩০ জন শিক্ষার্থী ইয়েস কর্মসূচিতে অংশ নিয়েছেন। শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থা ও সমাজের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি নিজ দেশের সংস্কৃতি ও অভিজ্ঞতাও সেখানে তুলে ধরার সুযোগ থাকে।
২০২৭ সালের বসন্ত সেমিস্টারে অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আইইএআরএন বাংলাদেশের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। প্রাথমিক বাছাই ও পরবর্তী নির্বাচনী প্রক্রিয়া শেষে যোগ্য শিক্ষার্থীদের চূড়ান্তভাবে নির্বাচন করা হবে।
























