যুক্তরাজ্যের ৪০ দলের অংশগ্রহণে ওয়েলসে ব্যাডমিন্টন টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন দুই বাংলাদেশি জুটি
- প্রকাশঃ ০২ নভেম্বর ২০২৬, ১৯:২০
- / 2
নিউপোর্ট, ৩১ অক্টোবর, (প্রজন্ম কথা) – যুক্তরাজ্যের ওয়েলসের নিউপোর্ট শহরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬। গত ৩০ অক্টোবর মেলোনিয়াম সেন্টারে আয়োজিত দিনব্যাপী এ প্রতিযোগিতায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে ৪০টি দল অংশ নেয়। ডিডি বিভাগে সাঈদ-সুফি জুটি এবং ইই/ইই* বিভাগে নাহিদ-রানা জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
দুপুর ১২টা থেকে শুরু হওয়া প্রতিযোগিতায় একের পর এক রোমাঞ্চকর ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলোয়াড়দের দক্ষতা, নিখুঁত শট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্সে টুর্নামেন্টের পরিবেশ প্রাণবন্ত হয়ে ওঠে। কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রতিযোগিতায় সহযোগিতা করে সাউথওয়েস্ট অ্যান্ড ওয়েলস ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন ইউকে।
ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী মাবস নূরের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সভাপতি ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর, নিউপোর্টের কাউন্সিলর সাহেদ আদনান, ওয়েলস এন্টারপ্রাইজ অ্যান্ড ডাইভার্সিটি স্পোর্টস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা এবং ওয়েলস কাউন্সিল ফর ভলান্টারি অ্যাকশনের জাতীয় ক্রীড়া বৈচিত্র্যবিষয়ক ব্যবস্থাপক রাজমা বেগম, কিড কেয়ার ফর ইউর প্রতিষ্ঠাতা রুসনা বেগম, কিডফুডস ও মাস বাজারের প্রতিষ্ঠাতা সামসুন নাহার খোলি, এসডব্লিউবির চেয়ারম্যান ও কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের বোর্ড পরিচালক জিতু মিয়া, নিউপোর্ট মহিলা সংগঠনের সভানেত্রী আনোয়ারা বেগম, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাউথ ওয়েলস আঞ্চলিক সভাপতি মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক রকিবুর রহমান। এ ছাড়া ব্যবসায়ী মুখতার আহমেদ, সৈয়দ কাহের, শাহজাহান তালুকদার শাওন, এনামুল হোসেন সুয়েব ও আজম সবুজসহ বিভিন্ন পর্যায়ের অতিথি, ক্লাব কর্মকর্তা ও পরিচালকরা উপস্থিত ছিলেন।
দুই বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা
ডিডি বিভাগে নিউপোর্ট ও উইল্টশায়ারের সাঈদ-সুফি জুটি চ্যাম্পিয়ন হয়। ব্রিস্টল ও প্লাইমাউথের নূর-মুহিত জুটি রানার্সআপ হয়। এ বিভাগে সেমিফাইনালে খেলেন রিডিং ও ইস্টবোর্নের সামন-আলী এবং সুইন্ডনের ফরহাদ-শাহান জুটি। অন্যদিকে ইই/ইই* বিভাগে প্লাইমাউথের নাহিদ-রানা জুটি চ্যাম্পিয়ন হয়। একই শহরের রস-মনজু জুটি রানার্সআপ হয়। এ বিভাগের সেমিফাইনালে অংশ নেন বোর্নমাউথের খালিদ-ইমরান এবং প্লাইমাউথের সাইদুল-নূর জুটি। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন, রানার্সআপ ও তৃতীয় স্থান অর্জনকারী খেলোয়াড়দের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সায়েম চৌধুরী, শাহ শাফী, আব্দুর রউফ তালুকদার, ফখরুল ইসলাম, রুহুল আমিন, ফয়সল রহমান, সায়দুল ইসলাম, আদিল হুসেইন, কামিল আহমেদ, নাজমুল ইসলাম, মাসুম কামালি, আতিকুল ইসলাম, সাজেল আহমেদ ও বদরুল ইসলাম রিপনসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা। আয়োজকেরা জানান, খেলাধুলার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের একত্র করা, পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য বাড়ানোই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন ক্লাবের কর্মকর্তারা। অনুষ্ঠানের খাবার প্রস্তুত ও সরবরাহে সহযোগিতার জন্য নিউপোর্টের কলকাতা রেস্টুরেন্টকে বিশেষ ধন্যবাদ জানানো হয়।
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সভাপতি ও মৌলভীবাজার জুনিয়র স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক মোহাম্মদ মকিস মনসুরসহ আমন্ত্রিত অতিথিরা টুর্নামেন্টের আয়োজনের প্রশংসা করেন এবং বিজয়ীদের অভিনন্দন জানান। তাঁদের বক্তব্যে উঠে আসে, খেলাধুলা বয়স, ধর্ম, বর্ণ ও সামাজিক অবস্থানের পার্থক্য পেরিয়ে মানুষকে একত্র করার একটি কার্যকর মাধ্যম। তরুণ প্রজন্মের মধ্যে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, পারস্পরিক শ্রদ্ধা, দলগত ঐক্য, আত্মবিশ্বাস ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতেও খেলাধুলার ভূমিকার কথা তুলে ধরেন তাঁরা।






















