মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির যুব নেতৃত্ব পুরস্কার পেলেন বাংলাদেশি-আমেরিকান তাহমিদ চৌধুরী
- প্রকাশঃ ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২
- / 2
মিশিগান, ২৮ সেপ্টেম্বর, (প্রজন্ম কথা) – সংগঠন, কমিউনিটি সম্পৃক্ততা, তরুণ নেতৃত্ব ও জনসেবায় অবদানের স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রের মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেয়েছেন বাংলাদেশি-আমেরিকান তরুণ সংগঠক তাহমিদ চৌধুরী।
মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অনুষ্ঠানে তাহমিদ চৌধুরীর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। পুরস্কার প্রদান করেন মিশিগানের লেফটেন্যান্ট গভর্নর গারলিন গিলক্রিস্ট এবং ওয়াশটেনো কাউন্টির প্রসিকিউটর এলি সাভিত।
অনুষ্ঠানে ইলিনয়ের গভর্নর জে বি প্রিটজকার, মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান কার্টিস হার্টেল, মার্কিন কংগ্রেসওম্যান হিলারি স্কলটেন এবং মিশিগান সিনেটের মেজরিটি লিডার উইনি ব্রিংকসসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
তাহমিদ চৌধুরী দীর্ঘদিন ধরে ম্যাকম্ব কাউন্টি ও মিশিগানের ১০ম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে বিভিন্ন নাগরিক ও সামাজিক সংগঠনের সঙ্গে কাজ করছেন। কমিউনিটির মধ্যে যোগাযোগ বাড়ানো, নাগরিক অংশগ্রহণে উৎসাহ দেওয়া এবং তরুণদের জনসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত করাকে তাঁর কাজের অন্যতম লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় তাহমিদ চৌধুরী বলেন, এই পুরস্কার তাঁর একার অর্জন নয়। শিক্ষক, মেন্টর, সংগঠক, স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ীদের সহযোগিতার কথাও তিনি উল্লেখ করেন। তরুণদের সঙ্গে নিয়ে জনসেবামূলক কাজ আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে তাহমিদকে উৎসাহ দিতে মিশিগানের বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের সভাপতি জাবেদ চৌধুরী এবং উপদেষ্টা সুমন কবির ছিলেন।
সম্মাননা প্রদানের জন্য মিশিগান ডেমোক্র্যাটিক পার্টি ও ১০ম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট ডেমোক্র্যাটিক পার্টির প্রতি কৃতজ্ঞতা জানান তাহমিদ। একই অনুষ্ঠানে সম্মাননা পাওয়া অন্যান্য তরুণদেরও শুভেচ্ছা জানান তিনি।





























