ঢাকা ০৪:৩০ , Thu, ২২ Oct ২০২৬
বিশ্বসমাচার
যুক্তরাষ্ট্র

নিউইয়র্কের ফুটপাত থেকে সরানো হলো ১২০০ ছাউনি, আসছে আলোকিত নতুন নকশা

প্রজন্ম কথা ডেস্ক
  • প্রকাশঃ ২১ অক্টোবর ২০২৬, ১৩:৫৯
  • / 8
নিউইয়র্কে গত জানুয়ারি থেকে প্রায় ১ হাজার ২০০টি ফুটপাতের অস্থায়ী ছাউনি সরানো হয়েছে। পথচারীদের চলাচল ও আলো-বাতাস বাড়াতে নতুন নকশার ছাউনি চালুর উদ্যোগ নিয়েছে মেয়র মামদানির প্রশাসন। ছবি: নিউইয়র্ক সিটি মেয়রের দপ্তর

নিউইয়র্ক, ২১ অক্টোবর, (প্রজন্ম কথা): যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে গত জানুয়ারি থেকে প্রায় ১ হাজার ২০০টি ফুটপাতের অস্থায়ী ছাউনি সরানো হয়েছে। এতে ১০ মাসে এ ধরনের ছাউনির সংখ্যা ১৫ শতাংশের বেশি কমেছে। একই সঙ্গে পথচারীদের চলাচল সহজ করতে এবং শহরের রাস্তায় আলো-বাতাস বাড়াতে নতুন নকশার ছাউনি চালুর উদ্যোগ নিয়েছে মেয়র জোহরান মামদানির প্রশাসন।

মঙ্গলবার মেয়রের দপ্তরের ঘোষণায় বলা হয়, নতুন নকশায় ফুটপাত ও দোকানের সামনের অংশে বেশি প্রাকৃতিক আলো পৌঁছাবে। পাশাপাশি পথচারীদের দৃষ্টিসীমা বাড়বে এবং রাস্তার পরিবেশ আরও উন্মুক্ত ও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে। তবে ভবন মেরামত ও নির্মাণকাজ চলাকালে প্রয়োজনীয় নিরাপত্তা বজায় রাখা হবে।

নতুন দুটি নকশা তৈরি করেছে স্থাপত্য প্রতিষ্ঠান প্র্যাকটিস ফর আর্কিটেকচার অ্যান্ড আরবানিজম। ছাউনিগুলো বর্তমানে ম্যানহাটনের নিম্নাঞ্চলে ভবন বিভাগের সদর দপ্তরের বাইরে প্রদর্শন করা হচ্ছে। এর আগে গ্রীষ্মের শুরুতে স্থাপত্য প্রতিষ্ঠান অ্যারাপের তৈরি আরও দুটি নকশা প্রদর্শন করা হয়। বৃহস্পতিবার টাইম সাময়িকী অ্যারাপের একটি নকশাকে ২০২৬ সালের সেরা উদ্ভাবনের তালিকায় স্থান দিয়েছে।

মেয়র মামদানি বলেন, নিউইয়র্কের বাসিন্দাদের অন্ধকার ও বাধাগ্রস্ত ফুটপাতকে স্বাভাবিক বিষয় হিসেবে মেনে নেওয়ার প্রয়োজন নেই। যেসব ছাউনি আর প্রয়োজন নেই, সেগুলো সরানো হচ্ছে। আর যেগুলো প্রয়োজন, সেগুলোর জন্য উন্নত বিকল্প তৈরি করা হচ্ছে।

আবাসন ও নগর পরিকল্পনাবিষয়ক উপমেয়র লেইলা বোজর্গ বলেন, রাস্তা থেকে ছাউনি কমানো এবং আরও আকর্ষণীয় নকশার ছাউনি চালুর মাধ্যমে নিরাপদ ও ব্যবহারবান্ধব ফুটপাত তৈরিতে অগ্রগতি হচ্ছে।

ভবন বিভাগের কমিশনার আহমেদ তিগানি জানান, ভবন বিভাগের নজরদারি জোরদার করার ফলে মালিকদের দীর্ঘদিনের আটকে থাকা মেরামতকাজ শুরু করতে চাপ তৈরি হয়েছে। এর ফলে পাঁচটি বরোতেই দীর্ঘদিন ধরে থাকা শত শত ছাউনি নিরাপদে সরানো সম্ভব হয়েছে।

নতুন ছাউনির নকশায় কী থাকছে

প্র্যাকটিস ফর আর্কিটেকচার অ্যান্ড আরবানিজমের তৈরি দুটি নকশার নাম ‘বেসলাইন শেড’ ও ‘স্পিড শেড’। নিউইয়র্কের ফুটপাতে এই দুই নকশার ছাউনি এবারই প্রথম স্থাপন করা হয়েছে।

‘বেসলাইন শেড’ ভারী ও হালকা, দুই ধরনের ব্যবহারের উপযোগী করে তৈরি। এতে স্বচ্ছ পলিকার্বনেটের ছাদ এবং কৌণিক নকশা রাখা হয়েছে। ফলে ওপর থেকে প্রাকৃতিক আলো ফুটপাতে পৌঁছাতে পারবে। একই সঙ্গে নিচতলার দোকানগুলো আরও স্পষ্ট দেখা যাবে এবং পথচারীদের চলাচলের জায়গা তুলনামূলকভাবে খোলামেলা থাকবে।

‘স্পিড শেড’ তৈরি করা হয়েছে অপেক্ষাকৃত হালকা কাজের জন্য। এর কৌণিক ছাদে পাথর বা নির্মাণসামগ্রীর টুকরো পড়া ঠেকাতে বিশেষ জাল ব্যবহার করা হয়েছে, যা আলো চলাচলেও বাধা কমাবে। ছাউনিতে খুলে নেওয়া যায় এমন চাকা থাকায় প্রয়োজন অনুযায়ী দ্রুত অন্য জায়গায় সরানো সম্ভব হবে।

অ্যারাপ ও প্র্যাকটিস ফর আর্কিটেকচার অ্যান্ড আরবানিজমের নকশাগুলো কয়েক বছরের গবেষণা ও পরিকল্পনার ফল। নগর কর্তৃপক্ষ জানিয়েছে, ছয়টি নতুন নকশার মালিকানা নিউইয়র্ক শহরের। পাঁচটি বরোতেই এগুলোর ব্যবহার উৎসাহিত করতে অন্যরা বিনা মূল্যে নকশাগুলো ব্যবহার করতে পারবেন। চলতি বছরের শেষ নাগাদ নতুন নকশাগুলো শহরজুড়ে ব্যবহারের জন্য বিধিমালা চূড়ান্ত করার আশা করছে ভবন বিভাগ।

নজরদারি ও নিয়ম প্রয়োগ জোরদার

২০২৫ সালের স্থানীয় আইন ৪৮ ও ৫১ পাস হওয়ার পর ফুটপাতের ছাউনি ব্যবস্থাপনায় নজরদারি ও নিয়ম প্রয়োগ জোরদার করেছে ভবন বিভাগ। এর মধ্যে অনুমতিপত্র আরও ঘন ঘন নবায়নের শর্ত এবং কাজ চলমান না থাকলেও ছাউনি রেখে দিলে কঠোর শাস্তির বিধান রয়েছে।

বড় আবাসন কমপ্লেক্স, নিউইয়র্ক সিটি হাউজিং অথরিটির আবাসন প্রকল্প এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও ছাউনির অপ্রয়োজনীয় বিস্তার কমাতে নতুন বিধি চালু করা হয়েছে। ভবন থেকে দূরের খোলা জায়গা অযথা ঢেকে রাখা ঠেকানোই এর লক্ষ্য।

প্র্যাকটিস ফর আর্কিটেকচার অ্যান্ড আরবানিজমের প্রতিষ্ঠাতা বিশান চক্রবর্তী বলেন, নগরের জনজীবনকে উন্নত করতে নকশার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শহরের ফুটপাত নতুনভাবে পরিকল্পনা করার মাধ্যমে নিউইয়র্কের বাসিন্দাদের জন্য আরও নিরাপদ, আলোকিত ও স্বাগতপূর্ণ জনপরিসর গড়ে তোলা সম্ভব।

অ্যারাপের কর্মকর্তা শেঠ উলফে বলেন, বছরের শুরুতে তাঁদের নকশার ছাউনি স্থাপনের পর বাসিন্দারা উন্মুক্ত ও আলোকিত ফুটপাতের সম্ভাবনা দেখতে পেয়েছেন। তাঁদের তৈরি ‘ফ্লেক্স’ ও ‘রিজিড’ নকশার একটি টাইম সাময়িকীর ২০২৬ সালের সেরা উদ্ভাবনের স্বীকৃতি পাওয়াকে তিনি এ উদ্যোগের অগ্রগতি হিসেবে উল্লেখ করেন।

সূত্র: নিউইয়র্ক সিটি মেয়রের দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি

❤️
👏
🙂
😞

নিউইয়র্কের ফুটপাত থেকে সরানো হলো ১২০০ ছাউনি, আসছে আলোকিত নতুন নকশা

প্রকাশঃ ২১ অক্টোবর ২০২৬, ১৩:৫৯