নিউইয়র্কে সহিংসতা ঠেকাতে মামদানির নতুন উদ্যোগ, তিন এলাকায় বাড়ছে কমিউনিটিভিত্তিক কর্মসূচি
- প্রকাশঃ ২১ অক্টোবর ২০২৬, ১৩:৪১
- / 10
নিউইয়র্ক, ২১ অক্টোবর, (প্রজন্ম কথা): যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের বুশউইক, হারলেম এবং ওয়াশিংটন হাইটস-ইনউড এলাকায় সহিংসতা প্রতিরোধে কমিউনিটিভিত্তিক কর্মসূচি সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন মেয়র জোহরান মামদানি। এর আওতায় স্থানীয় সংগঠনগুলোর কার্যক্রম জোরদার করার পাশাপাশি সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকিতে থাকা মানুষদের কর্মসংস্থান, মানসিক স্বাস্থ্যসেবা, শিক্ষা ও পরামর্শদানের সুযোগের সঙ্গে যুক্ত করা হবে।
মঙ্গলবার প্রকাশিত মেয়রের দপ্তরের ঘোষণায় বলা হয়, শহরের সংকট ব্যবস্থাপনা ব্যবস্থা নামে পরিচিত কর্মসূচির আওতায় নতুন তিনটি এলাকাকে যুক্ত করা হচ্ছে। অপরাধের তথ্য, সেবার ঘাটতি এবং অন্যান্য সূচক বিবেচনায় এলাকাগুলো নির্বাচন করা হয়েছে। কর্মসূচির আওতাভুক্ত প্রতিটি পূর্ণাঙ্গ এলাকায় নগর কর্তৃপক্ষ ১৬ লাখ ডলার করে অর্থায়ন করে।
মেয়র মামদানি বলেন, জননিরাপত্তা নিশ্চিত করার সবচেয়ে কার্যকর উপায়গুলোর একটি হলো সহিংসতা ঘটার আগেই তা প্রতিরোধ করা। স্থানীয় মানুষের আস্থা অর্জন করেছেন এমন ব্যক্তি ও সংগঠনকে সহায়তা দিলে তারা সংঘাত নিরসন, তরুণদের পাশে দাঁড়ানো এবং প্রতিবেশীদের নিরাপত্তা রক্ষায় ভূমিকা রাখতে পারেন।
নগর কর্তৃপক্ষের ভাষ্য, এ উদ্যোগের মূল লক্ষ্য হলো সহিংসতা ছড়িয়ে পড়ার আগেই বিরোধ মীমাংসা করা এবং ঝুঁকিতে থাকা মানুষদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া। এ কাজে যুক্ত থাকবেন স্থানীয়ভাবে পরিচিত ও প্রশিক্ষিত কর্মীরা, যাঁরা কমিউনিটির মানুষের সঙ্গে আস্থার সম্পর্ক গড়ে তুলে সংঘাত প্রশমনে কাজ করেন।
কর্মসূচির আওতায় সহিংসতার ঝুঁকিতে থাকা বাসিন্দাদের কর্মসংস্থান, পেশাগত প্রশিক্ষণ, শিক্ষা, মানসিক স্বাস্থ্যসেবা ও আইনি সহায়তার মতো সেবার সঙ্গে যুক্ত করা হবে। সহিংসতার ঘটনার পর ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সহায়তা দেওয়া এবং প্রতিশোধমূলক হামলা ঠেকানোর কাজও করবেন কর্মীরা।
নিউইয়র্কের কমিউনিটি নিরাপত্তাবিষয়ক উপমেয়র রেনিটা ফ্রাঁসোয়া বলেন, সংকট তৈরি হওয়ার আগেই মানুষের কাছে পৌঁছানো এবং সহিংসতা থামাতে স্থানীয় অংশীদারদের প্রয়োজনীয় সম্পদ দেওয়া এ সম্প্রসারণের লক্ষ্য। তাঁর মতে, কমিউনিটির সঙ্গে কাজ করেই নিরাপত্তা জোরদার করা সম্ভব।
নগর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এক দশকেরও বেশি সময় আগে নগর প্রশাসন ও সিটি কাউন্সিলের বিনিয়োগে কর্মসূচিটি গড়ে ওঠে। বন্দুক সহিংসতায় বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে কাজ করা বিভিন্ন কমিউনিটিভিত্তিক সংগঠন এ ব্যবস্থার অংশ। বর্তমানে নিউইয়র্কের ৪৬টি এলাকার বাসিন্দাদের সেবা দিচ্ছে এ কর্মসূচি।
তিন এলাকায় যেভাবে কাজ হবে
বুশউইকে ‘দ্য উইক এগেইনস্ট ভায়োলেন্স’ কর্মসূচির কার্যক্রম সম্প্রসারণ করা হবে। সাউথসাইড ইউনাইটেড পরিচালিত এ উদ্যোগ উডহাল হাসপাতালে তাদের বিদ্যমান কাজ এবং বুশউইক হাউসেসে চলমান কার্যক্রমের ভিত্তিতে আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে। বন্দুক সহিংসতার ঝুঁকিতে থাকা বাসিন্দাদের সহায়তা দেওয়ার জন্য সংগঠনটি অতিরিক্ত সম্পদ পাবে।
হারলেমে ‘লিভিং রিডেম্পশন’-এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে যোগাযোগ ও সংঘাত নিরসনের কাজ বাড়ানো হবে। পাশাপাশি আরও বেশি তরুণ ও পরিবারকে পরামর্শদাতা, কর্মসংস্থান, শিক্ষা এবং অন্যান্য সহায়তার সঙ্গে যুক্ত করা হবে।
ওয়াশিংটন হাইটস-ইনউড এলাকায় ‘গ্রো আপ গ্রো আউট জুনিয়র’ নামে নতুন একটি কর্মীদল গঠন করা হবে। ইউনাইটেড ওয়ে পরিচালিত এ উদ্যোগের মাধ্যমে এমন এলাকায় কর্মসূচির সেবা পৌঁছাবে, যেখানে আগে এ নেটওয়ার্কের কার্যক্রম ছিল না। প্রশিক্ষিত স্থানীয় কর্মীরা সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগ, সংঘাত নিরসন এবং সহিংসতায় জড়িয়ে পড়ার ঝুঁকিতে থাকা বাসিন্দাদের ধারাবাহিক সহায়তা দেবেন।
নিউইয়র্কের জননিরাপত্তা দপ্তরের কমিশনার আয়েশা ডেলানি-ব্রামসি বলেন, সংঘাত মোকাবিলা এবং মানুষের প্রয়োজনীয় সেবায় পৌঁছানোর সুযোগ বাড়াতে স্থানীয় সংগঠনগুলোর কার্যক্রম ও মানসিক স্বাস্থ্যসেবার সংযোগ জোরদার করা হচ্ছে।
নগর প্রশাসনের এ সম্প্রসারণকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। তাঁদের মতে, পুলিশের পদক্ষেপের পাশাপাশি সহিংসতা প্রতিরোধ, তরুণদের সহায়তা এবং স্থানীয় সংগঠনগুলোর ওপর আস্থা তৈরিতে বিনিয়োগ করা জরুরি।
সূত্র: নিউইয়র্ক সিটি মেয়রের দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি



























