ফেডারেল সহায়তা কমলেও নিউইয়র্কে শিক্ষার্থীদের বিনা মূল্যে খাবার চালু থাকছে
- প্রকাশঃ ২৬ অক্টোবর ২০২৬, ২২:২৫
- / 3
নিউইয়র্ক, ২৭ অক্টোবর, (প্রজন্ম কথা) – যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের খাদ্যসহায়তা কমানো এবং খাদ্য কেনার ভর্তুকি কর্মসূচিতে পরিবর্তনের মধ্যেও স্কুলশিক্ষার্থীদের বিনা মূল্যে সকালের নাশতা ও দুপুরের খাবার দেওয়ার কর্মসূচি অব্যাহত রাখছে নিউইয়র্ক অঙ্গরাজ্য। পরিবারের আয় নির্বিশেষে অংশগ্রহণকারী স্কুলের শিক্ষার্থীদের জন্য পুরো অর্থায়ন বহাল রাখার ঘোষণা দিয়েছেন গভর্নর ক্যাথি হোচুল।
সোমবার হোচুল জানান, এ কর্মসূচির আওতায় প্রতিদিন স্কুলগুলোতে প্রায় ২৫ লাখ খাবার পরিবেশন করা হয়। তাঁর হিসাব অনুযায়ী, বিনা মূল্যে খাবার পাওয়ার ফলে একটি পরিবারের প্রতিটি শিশুর পেছনে বছরে সর্বোচ্চ ১ হাজার ৬০০ ডলার পর্যন্ত খাদ্য ব্যয় সাশ্রয় হতে পারে।
হোচুল কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ওয়াশিংটনের রিপাবলিকানরা শিশুদের বিনা মূল্যে স্কুলের খাবার পাওয়ার সুযোগ কেড়ে নেওয়ার চেষ্টা করছেন, যা লজ্জাজনক। নিউইয়র্কের শিশুরা যাতে প্রয়োজনীয় খাবার থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে রাজ্য সরকার অর্থায়ন অব্যাহত রাখবে বলেও জানান তিনি।
নিউইয়র্কে গত বছর সর্বজনীন বিনা মূল্যে স্কুলের খাবার কর্মসূচি চালু হয়। এর মাধ্যমে অংশগ্রহণকারী স্কুলগুলোর প্রায় ২৭ লাখ শিক্ষার্থীর সকালের নাশতা ও দুপুরের খাবার বিনা মূল্যে পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
২০২৭ অর্থবছরের বাজেটে এ কর্মসূচির জন্য ৩৯ কোটি ৫০ লাখ ডলার বরাদ্দ রেখেছে অঙ্গরাজ্যটি। আগের বছরের তুলনায় এ বরাদ্দ বেড়েছে ৫ কোটি ৫০ লাখ ডলার।
রাজ্য কর্মকর্তাদের হিসাব অনুযায়ী, সেপ্টেম্বরে নতুন শিক্ষাবর্ষ শুরুর পর থেকে স্কুলগুলোতে প্রায় ৭ কোটি ৫০ লাখ বিনা মূল্যের খাবার পরিবেশন করা হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় খাদ্যসহায়তা কর্মসূচিতে কাটছাঁট এবং খাদ্য কেনার ভর্তুকি কর্মসূচি এসএনএপির নিয়ম পরিবর্তনের প্রভাব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এসএনএপির আওতায় যোগ্য পরিবারগুলো মুদি ও নিত্যপ্রয়োজনীয় খাবার কেনার জন্য আর্থিক সহায়তা পায়।
গত সপ্তাহে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, কেন্দ্রীয় সহায়তা কমানো ও এসএনএপির নিয়ম পরিবর্তনের প্রভাবে কয়েকটি অঙ্গরাজ্যে বিনা মূল্যে স্কুলের খাবার কর্মসূচিতে অংশগ্রহণ কমছে। এই পরিস্থিতিতে নিউইয়র্ক সরকার নিজস্ব অর্থায়নে স্কুলের খাবার কর্মসূচি চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে।
কর্মসূচির যোগ্যতা ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে পরিবারগুলো নিউইয়র্ক অঙ্গরাজ্যের শিক্ষা বিভাগের ওয়েবসাইট দেখতে পারে।

























