ঢাকায় শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়া বন্ধ করল সুইডেন দূতাবাস
- প্রকাশঃ ০২ নভেম্বর ২০২৬, ১৭:৫৩
- / 4
ঢাকা, ২ নভেম্বর, (প্রজন্ম কথা) – ঢাকায় অবস্থিত সুইডেন দূতাবাস আর শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়াকরণ করছে না। একই সঙ্গে এ ধরনের ভিসার আবেদন, আমন্ত্রণপত্র, আপিল কিংবা সংশ্লিষ্ট বিষয়ে কোনো তথ্য ও সহায়তা দেওয়ার দায়িত্বও দূতাবাসের হাতে থাকছে না। এখন থেকে এসব বিষয়ে জানতে আবেদনকারী ও তাঁদের পৃষ্ঠপোষকদের সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে হবে।
সোমবার (২ নভেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে দূতাবাস এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেনজেন ভিসাসংক্রান্ত যেকোনো নির্দেশনা, তথ্য বা সহায়তার জন্য দূতাবাসের পরিবর্তে সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে হবে। ভিসার আবেদন প্রক্রিয়া, আমন্ত্রণপত্র, আপিল এবং নির্দিষ্ট কোনো আবেদন নিয়ে প্রশ্ন থাকলেও একই নির্দেশনা অনুসরণ করতে হবে।
এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও নির্দেশনা পাওয়া যাবে সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সরকারি ওয়েবসাইটে। ওয়েবসাইটের ঠিকানা: https://www.migrationsverket.se/
দূতাবাসের বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, শেনজেন ভিসাসংক্রান্ত বিষয়ে তথ্য দেওয়া বা সহায়তা করার অনুমোদনও এখন আর তাদের নেই। ফলে আবেদনকারী ও তাঁদের পৃষ্ঠপোষকদের এ-সংক্রান্ত প্রশ্ন নিয়ে দূতাবাসে যোগাযোগ না করে সরাসরি সংশ্লিষ্ট অভিবাসন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে।
শেনজেন ভিসা ইউরোপের শেনজেনভুক্ত দেশগুলোতে স্বল্পমেয়াদি ভ্রমণের অনুমতি দেয়। এ ভিসায় ১৮০ দিনের মধ্যে সর্বোচ্চ ৯০ দিন অবস্থান করা যায়। ভ্রমণ, পর্যটন, ব্যবসায়িক সফর কিংবা স্বল্পমেয়াদি পারিবারিক সাক্ষাতের মতো উদ্দেশ্যে এ ভিসা ব্যবহার করা হয়।





















