যুক্তরাষ্ট্রের মিলওয়াকি শহরে বসতি গড়লেই মিলবে সর্বোচ্চ ৯ হাজার ডলার, তবে রয়েছে শর্ত
- প্রকাশঃ ২২ নভেম্বর ২০২৬, ১২:০৭
- / 4
মিলওয়াকি (প্রজন্ম কথা) – যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াকি শহরে নতুন করে বসতি গড়তে আগ্রহীদের সর্বোচ্চ ৯ হাজার ডলার দেওয়ার উদ্যোগ নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। শহরের বিভিন্ন খাতে কর্মীর চাহিদা পূরণ এবং নতুন বাসিন্দা আকৃষ্ট করতে চালু করা হয়েছে ‘মিলওয়াকি ফ্রেশ’ নামের একটি কর্মসূচি। তবে এই অর্থ পেতে আবেদনকারীদের বেশ কিছু শর্ত পূরণ করতে হবে।
২০২৬ সালের মে মাসে কর্মসূচিটি চালু হয়। এর লক্ষ্য স্বাস্থ্যসেবা, প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, জীবপ্রযুক্তি ও জননিরাপত্তার মতো চাহিদাসম্পন্ন খাতে কর্মী সংকট মোকাবিলা করা। শহর কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে কর্মসূচিটি পরিচালনা করছে কর্মসংস্থান উন্নয়ন সংস্থা এমপ্লয় মিলওয়াকি।
সংস্থাটির তথ্য অনুযায়ী, এসব খাতে বর্তমানে ৪ লাখ ৬০ হাজারের বেশি চাকরির বিজ্ঞপ্তি রয়েছে। নতুন কর্মী ও তাঁদের পরিবারকে শহরে আকৃষ্ট করতে স্থানান্তরের খরচে আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এমপ্লয় মিলওয়াকির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা জুলি কায়ো সংবাদমাধ্যম ফক্স৬-কে জানিয়েছেন, ইতিমধ্যে কর্মসূচিতে ২০০ জনের বেশি আবেদন করেছেন। তবে বরাদ্দ অর্থ সীমিত হওয়ায় আবেদনকারীদের একটি অংশকেই এই সুবিধা দেওয়া সম্ভব হবে।
জুলি কায়ো বলেন, ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত এই কর্মসূচির আওতায় ২৫ থেকে ৫০টি পরিবারকে সহায়তা দেওয়ার মতো অর্থ রয়েছে। তবে মিলওয়াকিতে স্থানান্তর হতে আগ্রহী সবার জন্য শহরটির দরজা খোলা। শহর, বিভিন্ন আবাসিক এলাকা ও স্থানীয় জনগোষ্ঠী সম্পর্কে জানতে তিনি আগ্রহীদের নির্ধারিত ওয়েবপেজ দেখার পরামর্শ দিয়েছেন।
তিনি আরও জানান, আবেদনগুলো পর্যায়ক্রমে যাচাই করা হচ্ছে। ফলে নির্দিষ্ট কোনো সময় পর্যন্ত অপেক্ষা না করে আবেদন পাওয়ার ভিত্তিতে সেগুলো পর্যালোচনা করা হচ্ছে।
কারা আবেদন করতে পারবেন
এই কর্মসূচির সুবিধা পেতে আবেদনকারীকে বর্তমানে উইসকনসিন অঙ্গরাজ্যের বাইরে বসবাস করতে হবে। স্থানান্তরের পর তাঁকে মিলওয়াকি শহরের সীমানার মধ্যে থাকতে হবে। শহরের আশপাশের উপশহরে বসবাস করলে এই সুবিধা পাওয়া যাবে না।
বাড়ি ভাড়া নেওয়া এবং বাড়ি কেনা, দুই ধরনের আবেদনকারীর জন্যই কর্মসূচিটি উন্মুক্ত। তবে আবেদনকারীর পরিবারের সম্মিলিত বার্ষিক আয় কমপক্ষে ৫৫ হাজার ডলার হতে হবে। পাশাপাশি মিলওয়াকিতে স্থানান্তরের পর অন্তত ১৮ মাস সেখানে বসবাসের অঙ্গীকার করতে হবে।
পরিবারের সদস্যসংখ্যা অনুযায়ী অর্থ
কর্মসূচির আওতায় পরিবারের সদস্যসংখ্যার ভিত্তিতে আর্থিক সহায়তার পরিমাণ নির্ধারণ করা হয়েছে। একজনের পরিবার সর্বোচ্চ ৩ হাজার ডলার, দুজনের পরিবার ৫ হাজার ডলার এবং তিনজনের পরিবার ৭ হাজার ডলার পর্যন্ত পেতে পারে। চার বা তার বেশি সদস্যের পরিবারের জন্য সর্বোচ্চ ৯ হাজার ডলার বরাদ্দ রয়েছে।
তবে এই অর্থ আগাম দেওয়া হবে না। এটি ব্যয় ফেরত দেওয়ার ব্যবস্থা। অর্থাৎ অনুমোদন পাওয়ার পরও আবেদনকারীকে প্রথমে নিজের অর্থে স্থানান্তরের খরচ বহন করতে হবে। পরে নির্ধারিত নিয়মে সেই অর্থ ফেরত পাওয়ার সুযোগ থাকবে।
পেশাদার স্থানান্তরকারী প্রতিষ্ঠানের খরচ, মালামাল পরিবহনের জন্য ট্রাক ভাড়া, বাসা ভাড়ার জামানত এবং বাড়ি কেনার ক্ষেত্রে মালিকানা হস্তান্তরসংক্রান্ত ব্যয় এই সহায়তার আওতায় বিবেচিত হবে।
নতুন বাসিন্দাদের জন্য বাড়তি সুবিধা
আর্থিক সহায়তার পাশাপাশি নতুন বাসিন্দাদের শহরে থিতু হতে আরও কিছু সুযোগ রাখা হয়েছে। অনুমোদিত প্রতিটি পরিবারকে মিলওয়াকি রিয়েল এস্টেট কালেকটিভের মাধ্যমে একজন আবাসন পরামর্শক দেওয়া হবে। তিনি শহরের বিভিন্ন এলাকা সম্পর্কে ধারণা দেওয়া এবং ভাড়া বা কেনার জন্য উপযুক্ত বাড়ি খুঁজে পেতে সহায়তা করবেন।
এ ছাড়া স্থানীয় গণমাধ্যম প্রতিষ্ঠান অনমিলওয়াকি কর্মসূচির অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন সামাজিক আয়োজন করবে। এর মধ্যে খেলাধুলার অনুষ্ঠান দেখা এবং দলগত নৈশভোজের মতো আয়োজন রয়েছে। এসব উদ্যোগের উদ্দেশ্য নতুন বাসিন্দাদের শহরের পরিবেশ ও স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে পরিচিত করা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে মিলওয়াকির মেয়র ক্যাভালিয়ার জনসন বলেন, নতুন করে জীবন শুরু করার জন্য মিলওয়াকি একটি ভালো জায়গা, এ বিষয়টি মানুষকে জানাতে চান তাঁরা।
আবেদনের ওয়েবসাইট: মিলওয়াকি ফ্রেশ কর্মসূচিতে আবেদন।

























