টাকা দিয়ে দ্রুত ইমিগ্রেশন প্রক্রিয়া, ২৭ ক্যাটাগরিতে ১৫ দিনের সুবিধা দিচ্ছে যুক্তরাষ্ট্র
- প্রকাশঃ ১৯ নভেম্বর ২০২৬, ১০:০৯
- / 21
ওয়াশিংটন, ১৯ নভেম্বর, (প্রজন্ম কথা) – যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানভিত্তিক ভিসা ও গ্রিন কার্ড আবেদনের প্রক্রিয়া দ্রুত করতে ২৭টি অভিবাসন ক্যাটাগরিতে প্রিমিয়াম প্রসেসিং সুবিধা রয়েছে। নির্ধারিত অতিরিক্ত ফি দিয়ে আবেদন করলে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) ১৫ কর্মদিবসের মধ্যে আবেদনটির বিষয়ে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেবে। এ সুবিধার আওতায় এইচ-১বি, এল-১, ও-১সহ বিভিন্ন কর্মী ভিসা এবং কয়েকটি কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ডের আবেদন রয়েছে।
১৬ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ইকোনমিক টাইমস। এতে বলা হয়েছে, ২৭টি ক্যাটাগরির মধ্যে ২১টি অস্থায়ী কর্মী ভিসা এবং ছয়টি কর্মসংস্থানভিত্তিক অভিবাসন আবেদন রয়েছে। বিদেশি কর্মীদের পাশাপাশি যুক্তরাষ্ট্রে কাজ করতে আগ্রহী ভারতীয় পেশাজীবীরাও নির্দিষ্ট ক্যাটাগরিতে এ সুবিধা নিতে পারবেন।
কোন কোন ভিসায় মিলবে সুবিধা?
ইউএসসিআইএসের নির্ধারিত তালিকায় রয়েছে এইচ-১বি বিশেষায়িত পেশার কর্মী ভিসা, এইচ-২বি অস্থায়ী অ-কৃষি শ্রমিক ভিসা, এইচ-৩ প্রশিক্ষণার্থী ভিসা, এল-১এ ও এল-১বি আন্তপ্রতিষ্ঠান কর্মী স্থানান্তর ভিসা এবং ও-১ অসাধারণ দক্ষতাসম্পন্ন ব্যক্তিদের ভিসা।
এ ছাড়া ই-১ ও ই-২ চুক্তিভিত্তিক ব্যবসায়ী ও বিনিয়োগকারী ভিসা, অস্ট্রেলীয় পেশাজীবীদের জন্য ই-৩ এবং আর-১ ধর্মীয় কর্মীদের ভিসাসহ আরও কয়েকটি শ্রেণির আবেদন এ সুবিধার আওতায় রয়েছে।
কর্মসংস্থানভিত্তিক অভিবাসনের ক্ষেত্রে ইবি-১, ইবি-২-এর নির্দিষ্ট শ্রেণি এবং ইবি-৩-এর কয়েকটি ক্যাটাগরিতেও দ্রুত প্রক্রিয়াকরণের সুযোগ রয়েছে। ফলে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ডের আবেদনকারীদের একটি অংশ এ সুবিধা নিতে পারবেন।
১৫ কর্মদিবসে কি ভিসা বা গ্রিন কার্ড পাওয়া নিশ্চিত?
প্রিমিয়াম প্রসেসিংয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ১৫ কর্মদিবসের মধ্যে ভিসা বা গ্রিন কার্ড অনুমোদনের নিশ্চয়তা দেওয়া হয় না। এ সময়ের মধ্যে ইউএসসিআইএস আবেদন অনুমোদন, প্রত্যাখ্যান, অতিরিক্ত তথ্য বা প্রমাণ চাওয়া কিংবা অন্য কোনো সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে পারে।
অর্থাৎ, অতিরিক্ত অর্থ দিয়ে আবেদন দ্রুত পর্যালোচনার সুযোগ পাওয়া যায়। তবে এর মাধ্যমে অনুমোদন নিশ্চিত করা সম্ভব নয়। কোনো আবেদনে অতিরিক্ত নথি চাওয়া হলে প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার পর প্রক্রিয়া আরও এগোতে পারে।
কত টাকা দিতে হবে?
প্রিমিয়াম প্রসেসিং একটি ঐচ্ছিক ও ফি-নির্ভর সেবা। সাধারণ আবেদনের নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ দিয়ে এ সুবিধা নিতে হয়। এ জন্য আবেদনকারীদের ফরম আই-৯০৭ জমা দিতে হয়। অন্যদিকে, মূল আবেদন জমা দিতে হয় ফরম আই-১২৯ অথবা ফরম আই-১৪০-এর মাধ্যমে।
আবেদনের ধরন ও ক্যাটাগরি অনুযায়ী প্রিমিয়াম প্রসেসিং ফি ভিন্ন হতে পারে। সঠিক ঠিকানায় যথাযথভাবে পূরণ করা ফরম আই-৯০৭ গ্রহণের পর থেকে ১৫ কর্মদিবসের সময়সীমা গণনা শুরু হয়।
নির্ধারিত সময়ের মধ্যে ইউএসসিআইএস প্রয়োজনীয় সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে ব্যর্থ হলে প্রিমিয়াম প্রসেসিংয়ের ফি ফেরত দেওয়ার বিধান রয়েছে। তবে ফি ফেরত পেলেই মূল আবেদন বাতিল হয়ে যায় না। সেটির প্রক্রিয়া চলমান থাকতে পারে।
সব আবেদনকারী কি এ সুবিধা পাবেন?
প্রিমিয়াম প্রসেসিংয়ের সুযোগ নির্দিষ্ট যোগ্যতা ও আবেদনশ্রেণির ওপর নির্ভরশীল। যুক্তরাষ্ট্রের নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জ কমনওয়েলথের সুবিধাভোগীদের জন্য ফরম আই-১২৯ জমা দেওয়া কিছু আবেদনকারী এ সুবিধা নিতে পারবেন না।
ভারতীয় পেশাজীবীদের ক্ষেত্রে এইচ-১বি, এল-১ ও ও-১ ভিসার পাশাপাশি কয়েকটি কর্মসংস্থানভিত্তিক অভিবাসন আবেদনে প্রিমিয়াম প্রসেসিংয়ের সুযোগ রয়েছে। তবে আবেদন করার আগে সংশ্লিষ্ট ক্যাটাগরির যোগ্যতা ও ফি সম্পর্কে ইউএসসিআইএসের সর্বশেষ নির্দেশনা যাচাই করা প্রয়োজন।
এ সুবিধা পর্যটন ভিসা কিংবা সব ধরনের গ্রিন কার্ড আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাই ১৫ কর্মদিবসে নিশ্চিত ভিসা বা গ্রিন কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অর্থ চাইলে সতর্ক থাকা জরুরি।





























