ইরান-রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুত্বের নতুন অধ্যায়
- প্রকাশঃ ০৫:৫৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
- / 149
আজ মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভুশি রাজশাহী বিশ্ববিদ্যালয় সফর করেছেন। বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের সঙ্গে এক সৌজন্য মতবিনিময় সভায় মিলিত হন তিনি।
মতবিনিময়কালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাষ্ট্রদূতকে রাবির শিক্ষা, গবেষণা, আন্তর্জাতিক সম্পর্ক এবং বিশেষ করে ফারসি ভাষা ও সাহিত্য বিষয়ে চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি ইরান সরকারের দেওয়া বিভিন্ন সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও রাবির সঙ্গে সহযোগিতা অব্যাহত থাকবে—এই আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ করে ফারসি ভাষা ও সাহিত্য বিষয়ে একজন ভিজিটিং প্রফেসর পাঠানোয় উপাচার্য রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা জানান এবং এই কার্যক্রম আরও সম্প্রসারণের আহ্বান জানান।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দিন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো.আখতার হোসেন মজুমদার, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি প্রফেসর মো. শফিউল্লাহ, রাষ্ট্রদূতের পত্নী এবং রাবির ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ভিজিটিং প্রফেসর এসমায়েল সাদেঘি।
এছাড়াও জানানো হয়, আগামী ১৫ মে বৃহস্পতিবার বেলা ১১টায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে ‘নজরুল ও হাফিজের কবিতায় মানবতা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভুশি সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।


















