কিশোরদের সৃজনশীলতায় ‘জাতীয় কমিকস প্রতিযোগিতা ২০২৫
- প্রকাশঃ ০৯:০৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
- / 265
শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশ ও নৈতিক মানসিকতা গঠনের লক্ষ্যে ‘কিশোরকন্ঠ’ আয়োজিত জাতীয় কমিকস প্রতিযোগিতা ২০২৫ শুরু হয়েছে। কিশোরকন্ঠ পাঠক ফোরামের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।
এ বছরের প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “সত্য ও ন্যায়ের পথে সাহসী কিশোর”। প্রতিযোগীরা এ বিষয়বস্তুর আলোকে সংলাপসহ রঙিন কমিকস চিত্র অঙ্কন করে পাঠাতে পারবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্ধারিত কিছু নিয়মাবলী অনুসরণ করতে হবে। একজন প্রতিযোগী সর্বোচ্চ দুটি মৌলিক ও অপ্রকাশিত কমিকস জমা দিতে পারবে। কাগজের আকার হতে হবে A4 এবং প্রতিটি কমিকস হতে হবে রঙিন ও সংলাপসমৃদ্ধ। প্রতিযোগীর নাম, শ্রেণি, শিক্ষাপ্রতিষ্ঠান, অভিভাবকের মোবাইল নম্বর এবং পূর্ণ ঠিকানা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
কমিকস পাঠানোর শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৫।
কমিকস ডাকযোগে পাঠাতে হবে নিম্ন ঠিকানায়:
সম্পাদক, কিশোরকন্ঠ, ৪৮২/বি, তেজগাঁও, ঢাকা-১২১৫।
প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে বিজয়ীদের জন্য থাকবে মোট ৭৮টি আকর্ষণীয় পুরস্কার। কমিকসের মাধ্যমে কিশোরদের মধ্যে সত্য, ন্যায় ও সাহসিকতার চেতনা জাগিয়ে তোলার উদ্দেশ্যেই আয়োজন করা হয়েছে এই প্রতিযোগিতা।
আয়োজকরা আশাবাদী, এ প্রতিযোগিতা আগামী প্রজন্মকে নৈতিকভাবে সচেতন ও সৃজনশীল করে গড়ে তুলবে।




























