নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু, থানায় অপমৃত্যুর মামলা
- প্রকাশঃ ০৩:০৭:২৮ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
- / 53
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার খাগালিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কল্পনা বেগম (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের দিনমজুর নিজাম মিয়ার স্ত্রী কল্পনা বেগম নিজ ঘরে বৈদ্যুতিক সুইচে হাত দিতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন।
পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় বউ বাজার এলাকায় নিয়ে প্রাথমিকভাবে সুস্থ করার চেষ্টা করেন। তবে সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় বেলা ১২টার দিকে কল্পনাকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ হাসপাতাল পরিদর্শন করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয় ইউপি সদস্য রব মিয়া বলেন, “নিজাম মিয়ার স্ত্রী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়লে পরিবারের লোকজন কান্নাকাটি শুরু করে। পরে স্বজনেরা তাকে বউ বাজারে ও পরে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার জানান তিনি মারা গেছেন।”
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জামিল আহমেদ খান জানান, “মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





























