বঙ্গোপসাগরে ৩৪ ভারতীয় জেলে ও দুটি ট্রলার আটক: জলসীমা লঙ্ঘনের অভিযোগে নৌবাহিনীর অভিযান
- প্রকাশঃ ১০:১২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
- / 135
বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমা লঙ্ঘন করে মাছ শিকারের অভিযোগে ৩৪ জন ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় এফবি ঝড় ও এফবি মঙ্গল চন্ডি-৩৮ নামে দুইটি ভারতীয় মাছ ধরার ট্রলারও জব্দ করা হয়েছে। আটককৃত ট্রলার দুটি থেকে বিভিন্ন প্রজাতির কয়েকশো কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়েছে।
নৌবাহিনীর নিয়মিত টহল চলাকালীন মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগরে সোমবার দিবাগত রাতে সন্দেহজনক মাছ ধরার ট্রলারের উপস্থিতি রাডারে ধরা পড়ে। নৌবাহিনীর সদস্যরা ধাওয়া করলে মাছ ধরার ট্রলারগুলো পালানোর চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত দুইটি ট্রলারকে বাংলাদেশের জলসীমার মধ্যেই আটক করা হয়। আটক ভারতীয় জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোংলায় আনা হচ্ছে।
মোংলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম জানান, আটক ট্রলার দুটিতে ইলিশসহ বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ রয়েছে, যা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। তিনি আরও বলেন, আটক জেলেদের মোংলা থানায় হস্তান্তর করা হবে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
বাংলাদেশ নৌবাহিনী মেঘনা ও বঙ্গোপসাগর এলাকায় নিয়মিত টহল দিয়ে জলসীমার সুরক্ষা ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে তৎপর রয়েছে।

















