প্রধান উপদেষ্টার হাত থেকে পুরস্কার পেল সুনামগঞ্জের শুভমিতা
- প্রকাশঃ ০৮:১৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
- / 132
বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় শিশু প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি ২০২৫’-এ খ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে সুনামগঞ্জ জেলার মেধাবী শিশু শুভমিতা তালুকদার। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা কার্যালয়ের শাপলা হলে আয়োজিত বর্ণাঢ্য পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
একই অনুষ্ঠানে ক গ্রুপে চ্যাম্পিয়ন হয় টাঙ্গাইলের প্রেয়সী চক্রবর্তী। চ্যাম্পিয়ন দুই প্রতিযোগীকেই তিন লাখ টাকা করে চেক ও ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ইউনূস বলেন, প্রতিযোগিতা নিজেকে আবিষ্কারের এক সুযোগ। শিশুরা এমন আয়োজনের মাধ্যমে নিজেদের চিনতে শেখে, আত্মবিশ্বাস বাড়ে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হয়।
তিনি আরও বলেন, “আজকের এই অর্জন শুধু শিশুদের নয়, দেশের প্রতিটি পরিবারের জন্য আনন্দের। প্রতিটি শিশুর ছোট সাফল্যও একেকটি অনুপ্রেরণার মাইলফলক।”
প্রতিযোগিতা আয়োজনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিভিশনকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, তারা ঐতিহ্যবাহী এই আয়োজনকে নতুন করে প্রাণবন্ত করেছেন। একই সঙ্গে তিনি বিজ্ঞান, প্রযুক্তি, ফ্যাশন ডিজাইন, লেখালেখি, উদ্যোক্তা উন্নয়ন ও ক্রীড়া ক্ষেত্রেও শিশুদের নিয়ে এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের আহ্বান জানান।
তার ভাষায়, আমাদের লক্ষ্য হওয়া উচিত— কোনো শিশুই যেন পিছিয়ে না থাকে। প্রতিটি শিশুর ভেতরেই বিশেষ কিছু আছে, সেটি আনন্দ ও আত্ম-আবিষ্কারের মাধ্যমে বের করে আনতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।
পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতার।

















