রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প
- প্রকাশঃ ১১:৩৮:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
- / 134
রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় ৫ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৯ মিনিটে কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে রাজধানীর বিভিন্ন স্থানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই দৌড়ে ঘর থেকে বের হয়ে খোলা জায়গায় আশ্রয় নেন।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদী এলাকায়, যার গভীরতা ছিল ১০ কিলোমিটার। মাঝারি মাত্রার এ ধরনের ভূমিকম্প ভবন ও স্থাপনায় সামান্য কাঠামোগত ক্ষতির সম্ভাবনা রাখে বলে জানায় সংস্থাটি।
এদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) একই মাত্রার ভূমিকম্প রেকর্ড করেছে—৫ দশমিক ৭।
ভূমিকম্পটি শুধু বাংলাদেশেই নয়, পার্শ্ববর্তী ভারতেও অনুভূত হয়েছে। এনডিটিভির খবরে বলা হয়, পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকাগুলোতে এর কম্পন টের পাওয়া যায়।
তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের উৎসস্থল ও ক্ষতির মাত্রা নির্ণয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যবেক্ষণ করছে।





























