ভূমিকম্পে ঢাকায় ভবন হেলে পড়েছে, আরমানীটোলায় উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের ২ ইউনিট
- প্রকাশঃ ১২:১৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
- / 35
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত এই ভূমিকম্পের জেরে রাজধানীর বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। ঢাকার আরমানীটোলায় একটি বহুতল ভবন হেলে পড়ায় সেখানে উদ্ধারকাজে নেমেছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল থেকে প্রায় সাত কিলোমিটার দূরে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫।
হঠাৎ কম্পনে রাজধানীর বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই দ্রুত ঘর থেকে বের হয়ে রাস্তায় নেমে আসেন। ভূমিকম্পটি স্থায়ী ছিল কয়েক সেকেন্ড।
শুধু বাংলাদেশেই নয়, পার্শ্ববর্তী ভারতেও এ কম্পন অনুভূত হয়েছে। এনডিটিভির খবরে বলা হয়, পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকায় কম্পন টের পাওয়া গেছে।
তাৎক্ষণিকভাবে বড় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে হেলে পড়া ভবনগুলো ঘিরে স্থানীয়রা আতঙ্কে রয়েছেন। পরিস্থিতি পর্যবেক্ষণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট সংস্থাগুলো।





























