ইমাম–মুয়াজ্জিনদের মাসিক ভাতা চালুর পরিকল্পনা জানালেন তারেক রহমান
- প্রকাশঃ ০৬:২০:১১ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
- / 77
তারেক রহমান। ছবি: সংগৃহীত
সমাজ সংস্কার ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের ভূমিকা অনস্বীকার্য উল্লেখ করে তাদের আর্থিক কল্যাণ নিশ্চিত করতে রাষ্ট্রীয় উদ্যোগের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় ইমাম ও খতিব সম্মেলনে ভার্চ্যুয়ালি দেওয়া বক্তব্যে তিনি বলেন, দেশজুড়ে আর্থিক টানাপোড়েনে থাকা ইমাম-মুয়াজ্জিনদের জন্য রাষ্ট্রীয় তহবিল থেকে প্রতি মাসে নির্দিষ্ট সম্মানী দেওয়ার পরিকল্পনা নিয়েছে বিএনপি। আগামী নির্বাচনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এ কর্মসূচি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।
তারেক রহমান বলেন, দেশের লাখো ইমাম-খতিব ও মুয়াজ্জিনকে রাষ্ট্রীয় কর্মকাণ্ডের বাইরে রেখে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাই তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে এবং কল্যাণ নিশ্চিত করতে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টকে শক্তিশালী করে বহুমুখী প্রকল্প গ্রহণের পরিকল্পনা করেছে বিএনপি।
হেফাজতে ইসলামের আন্দোলনের সময় শাপলা চত্বরে “হানাদার বাহিনীর মতো” ক্র্যাকডাউন চালানো হয়েছিল বলে মন্তব্য করেন তিনি। সেই সময়ে গণহত্যার প্রতিবাদে ও হেফাজতের সমর্থনে বিএনপি সারা দেশে হরতালসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছিল বলেও উল্লেখ করেন তারেক রহমান।
একই অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কুরআন ও সুন্নাহবিরোধী কোনো আইন প্রণয়ন করা হবে না। পাশাপাশি সংবিধানের মূলনীতিতে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করা হবে।
ইমাম ও ধর্মীয় নেতৃবৃন্দের দোয়া ও সমর্থন কামনা করে বিএনপির নেতারা বলেন, ন্যায়ভিত্তিক ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনে তাদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

















