রাজনীতি নিষিদ্ধ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা
- প্রকাশঃ ০৮:৫৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / 93
রাজনীতি নিষিদ্ধ ঘোষিত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯–২০ সেশনের শিক্ষার্থী মো. ইয়ামিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন লোকপ্রশাসন বিভাগের ২০২১–২২ সেশনের শিক্ষার্থী মো. জহির রায়হান।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল হাসান রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে বেরোবি শাখার নতুন কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ
নতুন আংশিক কমিটিতে আরও দায়িত্ব পেয়েছেন— সিনিয়র সহ–সভাপতি: মো. মাঈদুল ইসলাম বাপ্পি, সহ–সভাপতি: মো. তুহিন রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: মো. রিফাত হোসেন রাফি, সাংগঠনিক সম্পাদক: সজিব গাজী, দপ্তর সম্পাদক: মো. সুমন হোসেন, প্রচার সম্পাদক: মো. মাসুদ রানা, ছাত্রী সম্পাদক: মোছা. আসমা আক্তার খুশি, আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা রয়েছে।

জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি । ছবি: প্রজন্ম কথা
নিষেধাজ্ঞা থাকা অবস্থায় কমিটি—শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া
বেরোবিতে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকা অবস্থায় এ কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাধারণ সম্পাদক জহির রায়হানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংগঠনিক ব্যস্ততার কথা বলে মন্তব্য করা থেকে বিরত থাকেন।
অন্যদিকে নতুন সভাপতি ইয়ামিন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়ায় লিখেছেন, “আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর কাছে শুকরিয়া। তারেক রহমানসহ সকল বিপ্লবী ছাত্র–জনতা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞ। দায়িত্বের মর্যাদা রেখে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মো. রুমানুল ইসলাম সামাজিক মাধ্যমে উপাচার্যকে উদ্দেশ করে লেখেন, “স্যার, সোজা আঙুলে ঘি ওঠে না! ছাত্রদল আবার আপনাকে সেটাই দেখালো। একাধিক বৈঠকেও কোনো পদক্ষেপ নেননি। এবার কী করবেন—দেখার অপেক্ষায় আছি।”
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর মতামত জানতে একাধিকবার ফোন করা হলেও তাঁর নম্বর বন্ধ পাওয়া যায়।
ছাত্রদলের অভ্যন্তরে বিরোধও প্রকাশ পেয়েছে। শাখার প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক মুরসালিন মুন্না ফেসবুকে অভিযোগ করেন, “ছাত্রলীগের কর্মী দিয়ে কমিটি! এ কেমন ছাত্রদল? এটি বেরোবি ছাত্রদলের ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায়। কেন্দ্রীয় ছাত্রদলের এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি।”
চলতি বছরের ২৮ অক্টোবর অনুষ্ঠিত বেরোবির ১০৮তম সিন্ডিকেট সভায় জুলাই আন্দোলনের পর শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ক্যাম্পাসে সকল ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়। নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা হওয়ায় বিশ্ববিদ্যালয়জুড়ে ফের আলোচনার ঝড় উঠেছে।


















