তারেক রহমান দেশে ফিরতে চাইলে এক দিনেই ট্রাভেল পাস দেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
- প্রকাশঃ ০৪:০২:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
- / 73
পররাষ্ট্র উপদেষ্টা| ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে এক দিনের মধ্যেই ট্রাভেল পাস ইস্যু করবে অন্তর্বর্তী সরকার—এ কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, লন্ডনে তারেক রহমান কোন আইনি স্ট্যাটাসে অবস্থান করছেন, তা সরকারের জানা নেই। তবে তিনি দেশে ফিরতে চাইলে অন্য কোনো দেশ বাধা দেবে—এটা অস্বাভাবিক বলেই মন্তব্য করেন তিনি।
রোববার (২৯ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ’ শীর্ষক সেশনে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে যে রাজনৈতিক পরিবর্তন এসেছে, তার সঙ্গে মানিয়ে নিতে প্রতিবেশী ভারতকে এখনো সময় নিচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে ওয়ার্কিং রিলেশন শিগগিরই স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিষয়ে তিনি জানান, তিনি ভারতে অবস্থান করছেন বলে জানা গেলেও দিল্লির পক্ষ থেকে এ বিষয়ে কোনো অফিসিয়াল তথ্য দেওয়া হয়নি। তাঁকে ফেরত পাঠানো নিয়ে আনুষ্ঠানিক আলোচনা এখনো হয়নি।
শেখ হাসিনা প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তাঁকে ভারত ফেরত না দিলেও ঢাকা–দিল্লি সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে না। দণ্ডিত হওয়ায় তাঁকে দ্রুততম সময়ের মধ্যে ফেরত পাওয়ার প্রত্যাশা করছে বাংলাদেশ।

















