শরীয়তপুরে তফসিল বাতিলের দাবিতে নিষিদ্ধ আওয়ামী লীগের মশালমিছিল, একজন আটক
- প্রকাশঃ ১১:৩৮:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
- / 82
নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ গতকাল রাতে শরীয়তপুরে মশালমিছিল করেছে | ছবি: ভিডিও থেকে নেওয়া
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ হওয়া বাংলাদেশ আওয়ামী লীগ মশালমিছিল করেছে। বৃহস্পতিবার রাত আটটার দিকে ঢাকা-শরীয়তপুর সড়কের জাজিরা উপজেলার মিরাশা এলাকায় এ মশালমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশ নেওয়ার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ; উদ্ধার করা হয়েছে ৬৪টি মশাল।
জাজিরা থানা–পুলিশ জানায়, রাতে মিরাশা এলাকায় মিছিলে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মী ও সমর্থকেরা অংশ নেন। দুই শতাধিক মানুষ হাতে মশাল নিয়ে তফসিল বাতিলের দাবিতে স্লোগান দেন। একই রাতে সদর উপজেলার একটি এলাকাতেও আওয়ামী লীগের আরও একটি দল মশাল নিয়ে মিছিল করেছে বলে জানা যায়। তবে সদর এলাকায় ঠিক কোন স্থানে মিছিল হয়েছে, পুলিশ তা নিশ্চিত করতে পারেনি।
বৃহস্পতিবার রাতের দুটি মিছিলের ভিডিও আওয়ামী লীগ, যুবলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, মশাল হাতে নেতাকর্মীরা নির্বাচনি তফসিলকে ‘অবৈধ’ বলে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। মিছিলে অংশ নেওয়া অনেকের মুখে মাস্ক ছিল।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহাম্মদ বলেন, মশালমিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মিছিলকারীরা সরে যায়। সেখান থেকে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ৬৫টি মশাল। বিষয়টি নিয়ে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করছি।





























