হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার
- প্রকাশঃ ০৩:৫৬:১০ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
- / 59
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী | ফাইল ছবি
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এ ঘোষণা দেন।
তিনি বলেন, হাদির ওপর হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এ ধরনের ঘটনা জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত ও বানচাল করার উদ্দেশ্যেই ঘটানো হয়েছে।
এর আগে শনিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানায়, শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় একজনকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। পুলিশ জনগণকে তথ্য জানাতে অনুরোধ করেছে।
ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দু’জন দুর্বৃত্ত হাদির ওপর হামলা চালায়, এতে তিনি গুরুতর আহত হন। হামলাকারীদের গ্রেপ্তারে রাজধানীতে জোর অভিযান চলছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে একজনকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি সম্পর্কে তথ্য থাকলে বা তার সন্ধান মিললে দ্রুত ডিসি মতিঝিল (০১৩২০০৪০০৮০), ওসি পল্টন (০১৩২০০৪০১৩২) অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং উপযুক্ত পুরস্কার দেওয়া হবে।


























