বাংলাদেশের দাবি প্রত্যাখ্যান ভারতের, বাংলাদেশবিরোধী তৎপরতা নিয়ে ঢাকার অভিযোগ অস্বীকার
- প্রকাশঃ ১২:২৩:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
- / 85
ভারতের জাতীয় পতাকা
ভারতে বসে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের দ্রুত অবসানের দাবি জানিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে আজ রোববার সকালে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে আনুষ্ঠানিকভাবে বার্তা দিয়েছে অন্তর্বর্তী সরকার।
একই সঙ্গে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্দেহভাজন ব্যক্তিরা যদি ভারতে প্রবেশ করে, তবে তাঁদের গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছে ঢাকা।
তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এ দাবিগুলো প্রত্যাখ্যান করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রকাশিত প্রেস নোটে উত্থাপিত বক্তব্যসমূহ ভারত স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পক্ষে ভারতের অবস্থান আমরা ধারাবাহিকভাবে পুনর্ব্যক্ত করে আসছি। বাংলাদেশের বন্ধুপ্রতিম জনগণের স্বার্থের পরিপন্থী কোনো কার্যকলাপে ভারতের ভূখণ্ড কখনোই ব্যবহার করতে দেওয়া হয় না।’
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ‘আমরা আশা করি, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থার পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।’
কূটনৈতিক সূত্রগুলো বলছে, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট ও নিরাপত্তা পরিস্থিতিকে কেন্দ্র করে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে এ বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে।





























