সিইসি: হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা, শান্তিপূর্ণ নির্বাচনের আশ্বাস
- প্রকাশঃ ০১:০৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
- / 87
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলি চালানোর ঘটনাকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি আসন্ন জাতীয় নির্বাচনের জন্য সংশয় ও দুশ্চিন্তা দূর করার আহ্বান জানিয়েছেন।
সোমবার (১৫ ডিসেম্বর) গুলশানে আয়োজিত এক অনুষ্ঠানে সিইসি বলেন, নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত এবং নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা অবনতি হলো কোথায়? মাঝেমধ্যে দু’একটা খুন-খারাবি হয়। হাদির ঘটনা ঘটেছে, আমরা এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা মনে করি।
তিনি আরও বলেন, এরকম ঘটনা নতুন কিছু নয়। আগে কি আহসানুল্লাহ মাস্টার খুন হননি? ফরমার ফরেন মিনিস্টার কিবরিয়া সাহেব খুন হননি? নির্বাচনের সময় এ ধরনের ঘটনা বাংলাদেশে ঘটে আসছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলকভাবে অনেক উন্নত হয়েছে।
সিইসি জানান, বর্তমানে আমরা শান্তিতে চলাফেরা করতে পারছি, রাস্তাঘাটে চলাফেরা করতে পারছি এবং রাতে নিরাপদে ঘুমাতে পারছি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি। আমরা গতকালই আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সভা করেছি এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি। নির্বাচন পর্যন্ত শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বাহিনী সম্পূর্ণ প্রস্তুত।
শেষে তিনি যোগ করেন, ইনশাআল্লাহ, নির্বাচনের দিন নির্ধারিত সময়ে, সুষ্ঠু, সুন্দর এবং প্রতিযোগিতামূলকভাবে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন জাতিকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে প্রতিজ্ঞাবদ্ধ।


























