মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
- প্রকাশঃ ১০:৩২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- / 78
মহান বিজয় দিবস উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
আজ মঙ্গলবার সকাল ৬টা ৫৬ মিনিটে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন। এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান উপদেষ্টা জাতীয় স্মৃতিসৌধে সংরক্ষিত দর্শনার্থী বইয়ে সই করেন।
এ সময় প্রধান বিচারপতি, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, তিন বাহিনীর প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দেশের কূটনীতিকসহ উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ মহান বিজয় দিবস উপলক্ষে সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করা হচ্ছে। ৫৪ বছর আগে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ৩০ লাখ শহীদের আত্মত্যাগ এবং প্রায় দুই লাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে স্থান করে নেয়।
সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠান দিনটি যথাযথ মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে আলোচনা সভা, শ্রদ্ধা নিবেদন ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।





























