বিজয় দিবসের আগের রাতে শরীয়তপুরে বীর মুক্তিযোদ্ধার কবরে আগুন
- প্রকাশঃ ০১:৩৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- / 62
শরীয়তপুরে বীর মুক্তিযোদ্ধা আ. মান্নান খানের কবরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার নিয়ামতপুর গ্রামে । ছবি: সংগৃহীত
মহান বিজয় দিবসের আগের রাতে শরীয়তপুর সদর উপজেলার নিয়ামতপুর গ্রামে এক বীর মুক্তিযোদ্ধার কবরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাতে দুর্বৃত্তরা কবরের ওপর আগুন ধরিয়ে পালিয়ে যায় বলে জানিয়েছেন নিহত বীর মুক্তিযোদ্ধা আ. মান্নান খানের পরিবারের সদস্যরা।
স্থানীয় বাসিন্দারা জানান, শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের বাসিন্দা আ. মান্নান খান ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেন। তিনি ২০১০ সালের ৮ জানুয়ারি মারা যান। পরিবারের সিদ্ধান্তে বসতঘরের পাশেই তাঁকে দাফন করা হয়।
পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাতের আঁধারে দুর্বৃত্তরা কবরের ওপর কিছু কাঠ জড়ো করে আগুন ধরিয়ে দেয়। আজ সকালে নিয়মিতভাবে স্বামীর কবর জিয়ারতে গিয়ে আগুন দেওয়ার চিহ্ন দেখতে পান তাঁর স্ত্রী মাহফুজা বেগম। কবরের ওপর ছাই ও সদ্য নিভে যাওয়া আগুনের চিহ্ন দেখে তিনি চিৎকার করলে পরিবারের অন্য সদস্যরা ছুটে আসেন।
আ. মান্নান খানের মেয়ে আফরোজা আক্তার ঘটনাটি স্থানীয় প্রশাসন ও মুক্তিযোদ্ধাদের জানিয়েছেন। তিনি বলেন, কবরের ওপর ছাইয়ের স্তূপের মধ্যে তখনো হালকা ধোঁয়া বের হচ্ছিল। বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা নেতাদের অবহিত করা হয়। ঘটনায় পরিবারটি গভীরভাবে মর্মাহত ও আতঙ্কিত বলে জানান তিনি।
শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার কবরে আগুন দেওয়ার বিষয়টি তাঁর পরিবার থেকে জানা গেছে। বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শেষে ঘটনাস্থলে লোক পাঠিয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হবে।

গতকাল সোমবার রাতে দুর্বৃত্তরা বীর মুক্তিযোদ্ধা আ. মান্নান খানের কবরের ওপর আগুন দিয়েছে। আজ সকালে শরীয়তপুর সদর উপজেলার আংগারীয়া ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে তোলা । ছবি: সংগৃহীত
আজ সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কবরের পাশে স্বজন ও গ্রামবাসীর ভিড়। কাঁদতে কাঁদতে মাহফুজা বেগম বলেন, তাঁর স্বামী মুক্তিযোদ্ধা হওয়ায় পরিবার ও গ্রামবাসী গর্বিত। এমন অবমাননাকর ঘটনা তাঁরা মেনে নিতে পারছেন না। বিজয় দিবসের আনন্দের দিনে তাঁদের পরিবার শোক ও ক্ষোভে ভেঙে পড়েছে বলে তিনি জানান।
শরীয়তপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আবদুল আজিজ সিকদার বলেন, বীর মুক্তিযোদ্ধার কবরে আগুন দেওয়ার ঘটনা উদ্বেগজনক ও নিন্দনীয়। মুক্তিযোদ্ধারা বিষয়টি নিয়ে আলোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করবেন।
এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি এখনো অবগত নন। পুলিশ সুপারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।





























