চাঁপাইনবাবগঞ্জে ডেভিল হান্ট–ফেজ ২ অভিযানে আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার
- প্রকাশঃ ০৮:২৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
- / 77
ছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার এ. এন. এম. ওয়াসিম ফিরোজ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম ওরফে রফিক ঘাটেল (৫৫), শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়ন যুবলীগের সেক্রেটারি হারুন অর রশিদ (৪৩), রহনপুর পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান (৩৩), নাচোল উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ওবাইদুর রহমান (৩৮) এবং ভোলাহাট উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবিরুল ইসলাম (৪৮)।
জেলা পুলিশ সূত্র জানায়, নাশকতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার প্রতিটি উপজেলায় নজরদারি বাড়ানো হয়েছে এবং নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযান দেশের বিভিন্ন জেলায় চলমান ‘ডেভিল হান্ট অপারেশন—ফেজ ২’-এর অংশ হিসেবে পরিচালিত হচ্ছে।
পুলিশ সুপার এ. এন. এম. ওয়াসিম ফিরোজ বলেন, দেশব্যাপী যৌথবাহিনীর উদ্যোগে সন্ত্রাস ও নাশকতাবিরোধী বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট—ফেজ ২’ চলছে। এর ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ জেলাতেও অভিযান জোরদার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সন্ত্রাসবিরোধী আইনে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।





























