সেন্টমার্টিন সংলগ্ন সাগর থেকে ৯ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
- প্রকাশঃ ০৯:৩৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
- / 80
ছবি: সংগৃহীত
কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন সংলগ্ন সাগর এলাকা থেকে ৯ জন বাংলাদেশি জেলেসহ দুটি ইঞ্জিনচালিত মাছ ধরার ট্রলার ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল গফুর জানান, বুধবার দিবাগত রাত ৩টার দিকে শাহপরীরদ্বীপ পশ্চিম বোট ঘাট থেকে দুটি মাছ ধরার ট্রলার সাগরে যাত্রা করে। ট্রলার দুটি শাহপরীরদ্বীপ ডাঙ্গরপাড়া এলাকার বাসিন্দা রাশেদ ও আব্দুল্লাহর মালিকানাধীন। মাছ ধরার সময় হঠাৎ করে স্পিডবোটযোগে এসে আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে ট্রলারসহ তাদের ধরে নিয়ে যায়।
আটক জেলেরা সবাই টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ ডাঙ্গরপাড়া এলাকার বাসিন্দা। তাঁদের মধ্যে রয়েছেন— মো. রাশেদ (২৫), মো. আব্দুল্লাহ (৩০), মো. আনোয়ার (৩০), মো. ইব্রাহিম (১৯), মো. মঞ্জুর আলম (৩৫), মো. ওমর ফারুক (২০), মো. কবির আহমেদ (৫৫), মো. জাফর আলম (২০) এবং মো. জসিম (১৮)।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমামুল হাফিজ নাদিম জানান, ৯ জন বাংলাদেশি জেলে আরাকান আর্মির হাতে আটক হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে, জেলেরা মিয়ানমারের জলসীমা অতিক্রম করেছিলেন কি না, তা কোস্ট গার্ডসহ সংশ্লিষ্ট বাহিনীর সঙ্গে যাচাই করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।
ঘটনার পর স্থানীয় জেলে ও ট্রলার মালিকদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। দ্রুত জেলেদের নিরাপদে ফেরত আনার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যকর উদ্যোগ কামনা করেছেন স্থানীয়রা।





























