শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ মার্কিন দূতাবাসের
- প্রকাশঃ ১২:৩০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
- / 77
ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাস। ফাইল ছবি
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও তরুণ ছাত্রনেতা শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাস। শুক্রবার (১৯ ডিসেম্বর) এক আনুষ্ঠানিক শোক বার্তায় দূতাবাস জানায়, বাংলাদেশের সাধারণ জনগণের সঙ্গে একাত্ম হয়ে তারা এই মেধাবী তরুণ নেতার প্রয়াণে শোকাহত।
শোকবার্তায় মার্কিন দূতাবাস হাদির শোকসন্তপ্ত পরিবার, বন্ধু-বান্ধব এবং তাঁর অগণিত সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করে। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সম্মুখভাগের যোদ্ধা হিসেবে পরিচিত হাদির মৃত্যুতে আন্তর্জাতিক অঙ্গনেও শোকের ছায়া নেমে এসেছে বলে বার্তায় উল্লেখ করা হয়।
শরীফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে নির্বাচনী প্রচারণাকালে দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুরুতর আহত হন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন এই হামলার শিকার হন তিনি। আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছিলেন হাদি।
হামলার পর তাঁকে প্রথমে দেশের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সরকারিভাবে তাঁকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দীর্ঘ লড়াই শেষে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হাদির মরদেহ শুক্রবার সন্ধ্যার মধ্যে বিশেষ বিমানে করে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। তাঁর মরদেহ গ্রহণের জন্য বিমানবন্দর এলাকা ও শাহবাগে সমর্থকেরা সমবেত হচ্ছেন।
পরিবার ও ইনকিলাব মঞ্চ সূত্র জানায়, আগামী শনিবার তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে। এদিকে হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে বিরাজমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এই শোকবার্তাকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।


























